নব্বইয়ের দশকে ঢালিউডে জনপ্রিয়তার শীর্ষে থাকা চিত্রনায়িকা শাবনূর ও সংগীতশিল্পী রবি চৌধুরীর বন্ধুত্বের কথা অনেকেরই জানা। এবার সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে দেখা হলো এই দুই তারকার। পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার আনন্দ, গান আর স্মৃতিচারণে সময়টি হয়ে উঠেছে আরও বিশেষ। সেই মুহূর্তের কিছু ঝলক সামাজিক যোগাযোগমাধ্যমেও ভাগ করে নিয়েছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সিডনির রোদঝলমলে রাস্তায় ঘোরাঘুরির সময় রবি চৌধুরীর কাছে গান শোনার আবদার করেন শাবনূর। হাঁটতে হাঁটতে গান গাইতে চাইলে মজার ছলে রবি চৌধুরী বলেন, ‘না, গানটা দাঁড়িয়ে গাইতে হবে!’
এরপর দাঁড়িয়ে জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’-এর সুর তোলেন তিনি। গানের একপর্যায়ে শাবনূরের নাম জুড়ে দিয়ে গেয়ে ওঠেন, ‘তুমি বুকে টেনে নাও না শাবনূর আমাকে’। প্রিয় শিল্পীর কণ্ঠে গান শুনে হাসিমুখে সুর মেলান শাবনূরও।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে স্মৃতিময় মুহূর্তের কথা তুলে ধরেন শাবনূর। তিনি লেখেন, সিডনিতে প্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরীকে কাছে পেয়ে ‘ভালোবাসি তোমাকে’ চলচ্চিত্রের মধুর স্মৃতিতে ফিরে গেছেন। ছবিটির জনপ্রিয় গান ‘অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন’-এর মূল শিল্পী ছিলেন খালিদ হাসান মিলু ও কনকচাঁপা। রবি চৌধুরীর কণ্ঠে গানটির কয়েকটি পঙ্ক্তি শুনে নস্টালজিয়ায় ডুবে যান তিনি।
শাবনূর আরও জানান, বাংলা আধুনিক গানের জনপ্রিয় শিল্পী রবি চৌধুরীর সঙ্গে সিডনিতে কাটানো মুহূর্তগুলো তার কাছে স্মরণীয় হয়ে থাকবে।
আড্ডার শেষভাগে দুই তারকা জানান আরও একটি মজার তথ্য। কাজের সূত্রে আলাদা জায়গায় থাকলেও তাদের জন্মতারিখ একই দিনে। বিশেষ এই মিলের কথা তুলে ধরে তারা যেন জীবনভর একসঙ্গে জন্মদিন উদ্যাপন করতে পারেন, সেই প্রত্যাশাও প্রকাশ করেন।