এই সময়ের এমন মানুষ পাওয়া আল্লাহর বিশেষ নিয়ামত বলেই মনে করেন অভিনেত্রী শবনম ফারিয়া। স্বামীকে নিয়ে আবেগঘন মন্তব্য করে শনিবার দুপুরে নিজের ফেসবুকে একটি ছবি ও পোস্ট শেয়ার করেন তিনি।
পোস্টে শবনম ফারিয়া লেখেন, স্বামীকে দায়িত্ব নিতে দেখা এবং একজন প্রকৃত পুরুষের মতো আচরণ করতে দেখলেই তাঁর হৃদয় কৃতজ্ঞতায় ভরে ওঠে। তাঁর ভাষায়, আল্লাহ তাঁকে দিয়েছেন সহজ-সরল ও নিষ্ঠাবান একটি মানুষ, যা এই সময়ে নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে বড় একটি নিয়ামত।
বিয়ে নিয়ে একসময় অনাগ্রহের কথাও উল্লেখ করেন অভিনেত্রী। জানান, এমন একটা সময় ছিল যখন আবার বিয়ের কথা ভাবতেই চাননি তিনি। তখন কাছের মানুষরা তাঁকে আশ্বস্ত করে বলেছিলেন, তিনি জীবনে অনেক কষ্ট পেয়েছেন এবং অনেক পরীক্ষার মধ্য দিয়ে গেছেন। ইনশা আল্লাহ, সামনে সবকিছু ভালোই হবে।
মূলত নতুন ঘরে ওঠার অভিজ্ঞতা থেকেই এই পোস্ট বলে জানান ফারিয়া। তিনি বলেন, নিজেদের ঘরে ওঠার মাত্র তিন দিন হয়েছে। এই অল্প সময়েই শাশুড়ির ছোট ছেলেকে ঘরের কর্তা হিসেবে, একজন দায়িত্বশীল পূর্ণাঙ্গ মানুষ হিসেবে দায়িত্ব নিতে দেখে তাঁর জীবনকে সত্যিই সার্থক মনে হচ্ছে।
প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বর মাসে বিয়ে করেন মডেল ও অভিনয়শিল্পী শবনম ফারিয়া। তাঁর স্বামী তানজিম তৈয়ব রাজশাহীর বাসিন্দা। তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে বাংলাদেশের একটি শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত।