হলিউড অভিনেত্রী স্কারলেট জোহানসনের রূপচর্চার ব্র্যান্ড ‘দ্য আউটসেট’ যাত্রা শুরুর মাত্র চার বছর পরই কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে। গত ২৮ সেপ্টেম্বর ব্র্যান্ডটির অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিদায়ি বার্তায় প্রতিষ্ঠানটি জানায়, অসাধারণ একটি যাত্রার পর ‘দ্য আউটসেট’ তাদের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে ব্র্যান্ডটির পণ্য ব্যবহারকারী এবং যাঁরা এই যাত্রায় পাশে ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ঘোষণার পর থেকেই ব্র্যান্ডটির ওয়েবসাইটে নতুন করে পণ্য কেনার সুযোগ বন্ধ হয়ে গেছে। তবে এর আগে যাঁরা পণ্যের অর্ডার করেছিলেন, নির্ধারিত নিয়ম অনুযায়ী তাঁদের কাছে সেসব পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০২১ সালে ‘দ্য আউটসেট’ চালুর ঘোষণা দিয়েছিলেন স্কারলেট জোহানসন। পরের বছর সৌন্দর্যশিল্পের নির্বাহী কেট ফস্টারের সঙ্গে যৌথভাবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে ব্র্যান্ডটি। ক্ষতিকর উপাদানমুক্ত এবং সংবেদনশীল ত্বকের উপযোগী রূপচর্চার পণ্য তৈরি করাই ছিল প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য।
তবে গত বছর কেট ফস্টার প্রতিষ্ঠানটি থেকে সরে দাঁড়ানোর পর ব্র্যান্ডটির পরিচালনা নিয়ে টানাপড়েন শুরু হয়। এর ধারাবাহিকতায় এবার পুরোপুরি কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো।
সাম্প্রতিক সময়ে তারকাদের নিজস্ব সৌন্দর্য ও প্রসাধনী ব্র্যান্ডগুলোকে বাজারে কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে। টিকে থাকার চ্যালেঞ্জে এর আগেও বেশ কয়েকটি তারকা-উদ্যোগ বন্ধ হয়ে গেছে। সেই তালিকায় রয়েছে গায়িকা গুয়েন স্তেফানির ‘গিভ বিউটি’ এবং অভিনেত্রী ড্রু ব্যারিমোরের ‘ফ্লাওয়ার বিউটি’।
এবার সেই তালিকায় যুক্ত হলো স্কারলেট জোহানসনের ‘দ্য আউটসেট’ও।