ঢালিউডের দুই চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। এবার পরীমনির সিনেমার ক্যারিয়ার নিয়ে মন্তব্য করে তাঁকে কটাক্ষ করেছেন অপু। পাল্টা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে জবাব দিয়েছেন পরীমনিও।

সম্প্রতি এক অনুষ্ঠানে পরীমনির বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস বলেন, শিল্পীদের সবসময় গোছানো জীবনযাপন করা উচিত। অপুর এই বক্তব্যের পর ফেসবুক লাইভে এসে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের পার্থক্য নিয়ে কথা বলেন পরীমনি। পরে অপুর বক্তব্যের ভিডিও শেয়ার করে তাঁকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলে বিদ্রুপ করেন তিনি।

এর জবাবে একটি অনুষ্ঠানে গিয়ে পরীমনির নাম উল্লেখ না করেই তাঁর সিনেমার সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন অপু। তিনি বলেন, ‘যার ২৫টি সিনেমার মাঝে ২০টি সিনেমাই ফ্লপ, ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

অপুর এমন মন্তব্যের পর সামাজিক মাধ্যমে একটি পোস্ট দেন পরীমনি। সেখানেও সরাসরি নাম না নিয়ে অপুকে ইঙ্গিত করে কটাক্ষ করেন ‘স্বপ্নজাল’ অভিনেত্রী। দুই তারকার এমন পাল্টাপাল্টি মন্তব্য নিয়ে শোবিজ অঙ্গনে সমালোচনা তৈরি হয়েছে।