সিনেমায় আগের মতো নিয়মিত দেখা না গেলেও বিলাসবহুল জীবনযাপনের কারণে প্রায়ই আলোচনায় থাকেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। সিনেমার বাইরে তাঁর আয়ের উৎস কী, তা নিয়ে কৌতূহল রয়েছে অনেকের। এক প্রতিবেদনে সংশ্লিষ্ট ব্যক্তি ও তাঁর ম্যানেজারের বক্তব্যে উঠে এসেছে আয়ের কয়েকটি খাত।
প্রতিবেদন অনুযায়ী, সিনেমার পাশাপাশি ব্র্যান্ড এনডোর্সমেন্ট, শো-রুম উদ্বোধন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণা, ইভেন্টে অংশগ্রহণ এবং ফেসবুকের কনটেন্ট থেকে অর্থ আয় করেন পরীমনি।
ইভেন্ট পরিচালক সাকিব সনেট জানিয়েছেন, অন্যান্য অনেক অভিনেত্রীর তুলনায় ব্র্যান্ড প্রচারণায় পরীমনি বেশি পারিশ্রমিক নেন। তাঁর দাবি, পরীমনি বছরে ৫০টির বেশি শো-রুম উদ্বোধনসহ বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন। প্রতি ইভেন্টে তাঁকে ৫ থেকে ৭ লাখ টাকার কম পারিশ্রমিক দেওয়া হয় না। দেশের বাইরে অনুষ্ঠানে অংশ নিলে এই অঙ্ক আরও বাড়ে। বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও বার্তা ও ফেসবুক পোস্টের জন্যও আলাদা পারিশ্রমিক নেন অভিনেত্রী।
পরীমনির ম্যানেজার তুরান মুন্সীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও ভালো আয় করেন অভিনেত্রী। তাঁর ১৭ মিলিয়ন অনুসারীর ফেসবুক পেজ থেকে কোনো কোনো মাসে ১৬ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত আয় হয়েছে। তবে আয় কম হলে মাসে ৭ থেকে ৯ লাখ টাকা আসে বলেও জানান তিনি। বিভিন্ন ইভেন্টের অনেকগুলো নিজেই সমন্বয় করেন বলে জানান তুরান।
অভিনয়ের বাইরে ব্যবসাতেও যুক্ত হয়েছেন পরীমনি। ২০২৫ সালের মে মাসে মা ও নবজাতকের প্রয়োজনীয় পণ্য নিয়ে ‘বডি’ নামে একটি অনলাইন ব্র্যান্ডশপ চালু করেন তিনি। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির মাধ্যমে নিয়মিত পণ্য বিক্রি হচ্ছে।
সিনেমায় কাজের বিষয়ে বেছে সিদ্ধান্ত নিচ্ছেন অভিনেত্রী। তাঁর ম্যানেজার জানিয়েছেন, সব সিনেমা বা ওয়েব কনটেন্টে কাজ করতে আগ্রহী নন পরীমনি। বর্তমানে তাঁর কাছে বেশ কিছু চিত্রনাট্য রয়েছে। সেগুলো যাচাই করে পছন্দসই প্রকল্পে কাজ করার পরিকল্পনা করছেন তিনি।