মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে ‘ব্ল্যাক উইডো’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে কোটি ভক্তের মন জয় করা হলিউড সুপারস্টার স্কারলেট জোহানসন এবার যোগ দিচ্ছেন ডিসি ইউনিভার্সে (DCU)। বহুল প্রতীক্ষিত ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’ সিনেমায় তাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা ম্যাট রিভস। খবরটি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও জল্পনা শুরু হয়েছে।

২০২২ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার ‘দ্য ব্যাটম্যান’-এর সিক্যুয়েল হিসেবে নির্মিত হচ্ছে নতুন এই ছবি। আগের মতোই ‘ব্রুস ওয়েন’ বা ব্যাটম্যান চরিত্রে ফিরছেন রবার্ট প্যাটিনসন। তবে এবার সিনেমার সবচেয়ে বড় চমক হিসেবে যুক্ত হলেন স্কারলেট জোহানসন। নতুন কাস্ট নিয়ে রহস্য বজায় রাখতে পছন্দ করা পরিচালক ম্যাট রিভস গত ১৪ মে নিজের এক্স (টুইটার) অ্যাকাউন্টে স্কারলেটের অন্তর্ভুক্তির ইঙ্গিত দেন। তিনি স্কারলেট অভিনীত ‘আন্ডার দ্য স্কিন’ সিনেমার একটি দৃশ্য পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘পরবর্তী স্টপেজ, গথাম... স্বাগতম।’ এরপর থেকেই ভক্তদের মাঝে আলোচনা তুঙ্গে ওঠে।

যদিও স্কারলেট কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে খোলসা করা হয়নি। তবে কমিকস প্রেমীদের ধারণা, তাঁকে ‘গিল্ডা ডেন্ট’ চরিত্রে দেখা যেতে পারে, যিনি ‘হার্ভি ডেন্ট’-এর স্ত্রী। ডিসি কমিকসের গল্পে এই হার্ভি ডেন্ট পরবর্তীতে ভয়ংকর ভিলেন ‘টু-ফেস’-এ রূপ নেন। গুঞ্জন রয়েছে, হলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা সেবাস্টিয়ান স্ট্যানকে ‘হার্ভি ডেন্ট’ চরিত্রে এবং প্রবীণ অভিনেতা চার্লস ড্যান্সকে ‘ক্রিস্টোফার ডেন্ট’ চরিত্রে দেখা যেতে পারে।

নতুন কিস্তিতে আগের সিনেমার বেশ কয়েকজন জনপ্রিয় চরিত্রও ফিরছেন। জেফরি রাইট আবারও অভিনয় করবেন ‘জিম গর্ডন’ চরিত্রে, অ্যান্ডি সার্কিস ফিরছেন বিশ্বস্ত ‘আলফ্রেড’ হয়ে এবং কলিন ফারেলকে আবারও দেখা যাবে ‘পেঙ্গুইন’ চরিত্রে। তবে আগের ছবির অন্যতম মূল আকর্ষণ ‘সেলিনা কাইল’ বা ‘ক্যাটওম্যান’ খ্যাত জো ক্রাভিটস এই সিক্যুয়ালে থাকছেন না বলেই জানা গেছে, যা ভক্তদের কিছুটা হতাশ করেছে।

ম্যাট রিভস এবং ম্যাটসন টমলিনের যৌথ চিত্রনাট্যে নির্মিত হচ্ছে হাই-ভোল্টেজ এই সিনেমাটি। প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্স জানিয়েছে, চলতি বছর থেকেই শুরু হবে ছবির শুটিং। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের ১ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাবে ‘দ্য ব্যাটম্যান: পার্ট ২’। আর স্কারলেট জোহানসনের ডিসি অভিষেক সিনেমাটিকে ঘিরে এখন থেকেই দর্শকদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী।