অভিনেত্রী সারিকা সাবাহ মনে করেন, সময়ের সঙ্গে অভিনয় নিয়ে তার চিন্তাভাবনায় এসেছে বড় পরিবর্তন। এখন নিজেকে আগের চেয়ে অনেক বেশি পেশাদার মনে করেন তিনি। শুধু নির্দিষ্ট ধরনের চরিত্র নয়, রোমান্টিক, হরর ও থ্রিলারসহ বিভিন্ন ঘরানার গল্পে অভিনয় করতে চান এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের অভিনয়জীবন, বিরতি, বর্তমান ব্যস্ততা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন সারিকা। দুই বছর পর ওটিটিতে ফিরছেন তিনি। আগামী ১০ ডিসেম্বর হইচইয়ে মুক্তি পাবে তার অভিনীত নতুন ওয়েব ফিল্ম ‘সেলফি’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন খায়রুল বাসারের সঙ্গে। নির্মাতা মুশফিকা মাসুদের পরিচালনায় এটিই সারিকার প্রথম কাজ।

ওটিটিতে দুই বছর দেখা না যাওয়ার কারণ ব্যাখ্যা করে অভিনেত্রী জানান, এ সময়ে তিনি একেবারে কাজের বাইরে ছিলেন না। বিজ্ঞাপন, বিভিন্ন ব্র্যান্ডের কাজ এবং কিছু নাটকে অভিনয় করেছেন। তবে বর্তমান সময়ে ভিউয়ের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় বলে বড় কোনো প্রজেক্টে না থাকলে অনেকেই শিল্পীদের অনুপস্থিত মনে করেন। তার ক্ষেত্রেও বিষয়টি এমনই হয়েছে।

ক্যারিয়ারের শুরুর দিকে পরিবারের কেউ অভিনয়জগতের সঙ্গে যুক্ত না থাকায় বেশ বেছে বেছে কাজ করতেন সারিকা। নিরাপদ পরিসরে থেকে নির্দিষ্ট ধরনের গল্পে অভিনয় করতেন। তবে এখন সেই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে এসেছেন। অভিনয়কে নিজের পেশা ও ভালোবাসার জায়গা হিসেবে দেখছেন তিনি।

নতুন প্রজন্মের অভিনেত্রীদের কাজ নিয়েও ইতিবাচক সারিকা। তটিনী ও সাদিয়ার প্রশংসা করে তিনি জানান, নতুন শিল্পীদের সাফল্য তাকে অনুপ্রাণিত করে। পাশাপাশি নিজের ক্যারিয়ারের শুরুতে মেহজাবীন চৌধুরী ও শবনম ফারিয়াসহ সিনিয়র শিল্পীদের কাছ থেকে পাওয়া সহযোগিতার কথাও স্মরণ করেন তিনি।

এদিকে অভিনয়ে নিয়মিত হওয়ার পরিকল্পনা করছেন সারিকা। ঈদে তার কয়েকটি নাটক প্রচারের কথা রয়েছে। কিছু নাটকের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে, সামনে আরও কাজ করবেন তিনি। ‘সেলফি’তে খায়রুল বাসারের সঙ্গে তার জুটি দর্শকদের ভালো লাগলে ভবিষ্যতে একসঙ্গে আরও কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন অভিনেত্রী।