তরুণ দুই চিত্রনাট্যকার আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার এবার পরিচালকের খাতায় নাম লেখাতে যাচ্ছেন। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ‘কানাভুলো প্যারাডক্স’ উপন্যাস অবলম্বনে একই নামে সিনেমা বানাতে চলেছেন তাঁরা। গত সোমবার রাতে এক অ্যানাউন্সমেন্ট টিজারের মাধ্যমে এই রোমান্টিক সাই-ফাই হরর সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। বুড়িগঙ্গা টকিজ প্রযোজিত এই নতুন চলচ্চিত্রে কেন্দ্রীয় জুটি হিসেবে দেখা যাবে শরীফুল রাজ ও সাবিলা নূরকে।
গ্রামবাংলার রহস্যময় ভূত ‘কানাভুলো’ এবং এক নবদম্পতির গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে এই সিনেমা। প্রযোজক তানিম নূর জানান, কানাভুলো এমন এক লোকজ ভূত যা টাইম ও স্পেস নিয়ন্ত্রণ করতে পারে এবং যার নির্দিষ্ট কোনো বাহ্যিক রূপ নেই। ভৌতিক আমেজ থাকলেও মূলত এটি একটি দুর্দান্ত প্রেমের গল্প। কাইজার, উৎসব ও বনলতা এক্সপ্রেসের মতো জনপ্রিয় কাজগুলোতে চিত্রনাট্যকার হিসেবে নজর কাড়ার পর তানিম নূরের প্রযোজনাতেই এবার পরিচালনায় পা রাখছেন স্বাধীন ও সুস্ময়।
এর আগে ‘বনলতা এক্সপ্রেস’-এ শরীফুল রাজ ও সাবিলা নূরের রসায়ন দারুণ প্রশংসিত হয়েছিল। চরিত্রের সঠিক রূপায়ণ ও পর্দায় তাঁদের শক্তিশালী উপস্থিতির কারণেই ফের তাঁদের এই গল্পে যুক্ত করা হয়েছে বলে জানান নির্মাতারা। আগামী ২০২৭ সালের জানুয়ারিতে শুরু হবে সিনেমাটির মূল শুটিং এবং একই বছর পবিত্র ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নিয়ে এগোচ্ছে পুরো টিম।