কিংবদন্তি অভিনেত্রী মধুবালার বায়োপিকে অভিনয় করতে যাচ্ছেন সারা অর্জুন। সম্প্রতি এই খবর প্রকাশের পর নতুন করে আলোচনায় এসেছেন এই তরুণ অভিনেত্রী। আদিত্য ধরের ‘ধুরন্ধর’ সিনেমায় অভিনয়ের পর থেকেই বলিউডে তাঁকে নিয়ে আগ্রহ বাড়ছিল। এবার মধুবালার মতো কিংবদন্তি চরিত্রে অভিনয়ের সুযোগ তাঁর ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করতে পারে বলে মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।
বিনোদন অঙ্গনে সারার পথচলা বেশ দীর্ঘ। মাত্র ছয় বছর বয়সে তামিল সিনেমা ‘দেবিয়া থিরুমাগাল’-এ শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি। এরপর তামিল, তেলেগু ও হিন্দি, তিন ভাষার সিনেমাতেই কাজ করেছেন সারা। অল্প বয়সেই বিভিন্ন চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা অর্জন করা এই অভিনেত্রী এবার রূপালি পর্দার অমর নায়িকা মধুবালার চরিত্র ধারণ করতে যাচ্ছেন।
সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় মধুবালার জীবন নিয়ে তৈরি হতে যাচ্ছে এই বায়োপিক। মিড-ডের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজ শেষ করার পর মধুবালার বায়োপিকের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে বানসালির। সিনেমাটি পরিচালনা করবেন নির্মাতা জসমিত কে. রিন।
প্রতিবেদন অনুযায়ী, আগামী সেপ্টেম্বরে মুম্বাইয়ের গোড়েগাঁওয়ের রয়্যাল পামসে সিনেমাটির শুটিং শুরু হতে পারে। বর্তমানে একই লোকেশনে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর শেষ গানের শুটিং করছেন সঞ্জয় লীলা বানসালি। আগামী সপ্তাহে সেই কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
মধুবালার চরিত্রে অভিনয়ের জন্য সারা ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন বলে জানা গেছে। মধুবালার ব্যক্তিত্ব, অঙ্গভঙ্গি, আচরণ এবং তিনি যে সময় ও সামাজিক পরিবেশে বেড়ে উঠেছিলেন, সেসব বিষয় পর্দায় যথাযথভাবে তুলে ধরতে চান নির্মাতা জসমিত কে. রিন।
২০০৫ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন সারা অর্জুন। তিনি অভিনেতা রাজ অর্জুনের মেয়ে। মাত্র ১৮ মাস বয়সে টেলিভিশন বিজ্ঞাপনে কাজ শুরু করেন তিনি। পাঁচ বছর বয়সের মধ্যেই ভারতের পরিচিত শিশুশিল্পীদের একজন হয়ে ওঠেন সারা। এ সময় শতাধিক বিজ্ঞাপনে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন তিনি।