বিশ্বসুন্দরী প্রতিযোগিতার মূল মঞ্চে সেরা ৩০-এ জায়গা না পেলেও দর্শকদের ভোটে বিশেষ সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের সামিরা খান মাহি। ৭৫তম মিস ইউনিভার্স আসরে সুইমস্যুট ও ইভনিং গাউন এই দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে বিজয়ী হয়েছে বাংলাদেশ, পাশাপাশি ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছেন মাহি।

সুইমস্যুট পর্বে নিজের ব্যতিক্রমী উপস্থাপনার কারণে শুরু থেকেই আলোচনায় ছিলেন মাহি। প্রচলিত বিকিনির বদলে পুরো শরীর ঢাকা নীল রঙের ফিটিং পোশাক এবং পেছনে ছড়িয়ে থাকা লম্বা নীল কাপড়ে মঞ্চে হাজির হন তিনি; তাঁর এই ভিন্নধর্মী সাজ ও আত্মবিশ্বাসী উপস্থিতি সামাজিক মাধ্যমে বেশ প্রশংসা কুড়ায়। পরবর্তীতে দর্শকদের ভোটেও এই বিভাগে সেরা নির্বাচিত হন তিনি।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে নিজের এই অর্জনের কথা জানান মাহি। সেখানে তিনি লেখেন, ৭৫তম মিস ইউনিভার্সে সুইমস্যুট ও ইভনিং গাউন দুই বিভাগেই পাবলিক ফ্যান ভোটিংয়ে সেরা হয়েছে বাংলাদেশ এবং ন্যাশনাল কস্টিউম বিভাগে প্রথম রানারআপ হয়েছে দেশ। আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করলেও এই অর্জন দেশের প্রতিটি মানুষের বলে উল্লেখ করেন তিনি।

আরেকটি পোস্টে মাহি জানান, মিস ইউনিভার্সের বিশেষ পুরস্কারের তালিকায় বাংলাদেশের নামের সঙ্গে নিজের নাম দেখতে পেয়ে তিনি কৃতজ্ঞ। পুরো যাত্রায় দেশের মানুষের ভালোবাসা, দোয়া, উৎসাহ ও সমর্থন তাঁকে সাহস জুগিয়েছে বলেও জানান তিনি; প্রতিটি পদক্ষেপে বাংলাদেশকে হৃদয়ে ধারণ করেছেন উল্লেখ করে কৃতজ্ঞতা জানিয়ে লেখেন, ‘ভালোবাসি বাংলাদেশ।’