মা হতে যাওয়ার সুখবর প্রকাশ্যে আসার পর প্রথমবারের মতো নিজের অনুভূতির কথা জানিয়েছেন দক্ষিণ ভারতীয় তারকা সামান্থা রুথ প্রভু। ভারতীয় গণমাধ্যম ‘পিংকভিলা’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জীবনের এই নতুন অধ্যায় তার জন্য অত্যন্ত রোমাঞ্চকর এবং বিশেষ একটি অভিজ্ঞতা। সামান্থার ভাষ্য, তিনি বহু বছর ধরেই এই মুহূর্তের অপেক্ষায় ছিলেন এবং সবসময়ই মা হওয়ার স্বপ্ন লালন করেছেন। তাই নতুন জীবনের দায়িত্ব ও ভালোবাসা দিয়ে মাতৃত্বকে গ্রহণ করার জন্য নিজেকে প্রস্তুত বলে মনে করছেন।
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সামান্থা অভিনীত ‘মা ইন্টি বাঙ্গারাম’ সিনেমাটি বক্স অফিসে ব্যাপক সাফল্য অর্জন করেছে। ছবিটির সাফল্য উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো তার বেবি বাম্প ভক্তদের নজরে আসে। এরপর অভিনেত্রী নিজেই গণমাধ্যমের কাছে মা হতে যাওয়ার খবর নিশ্চিত করেন।
গর্ভাবস্থার এই সময় তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে বলেও জানান সামান্থা। তিনি বলেন, আগে থেকেই তিনি জীবনের প্রতিটি বিষয় নিয়ে আবেগপ্রবণ ও উৎসাহী ছিলেন। তবে এখন নিজের মধ্যে এক নতুন শক্তি, নতুন উদ্দেশ্য এবং গভীর দায়িত্ববোধ অনুভব করছেন। প্রতিদিন নতুন কিছু শিখছেন এবং জীবনের এই বিশেষ সময়ের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছেন। ভবিষ্যতে যা-ই আসুক, তা আনন্দের সঙ্গে গ্রহণ করার জন্য তিনি নিজেকে প্রস্তুত করছেন বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। গোয়ায় আয়োজিত জাঁকজমকপূর্ণ সেই বিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তবে চার বছরের দাম্পত্য জীবনের পর ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। অন্যদিকে, নির্মাতা রাজ নিদিমোরু এর আগে শ্যামলী দে-র সঙ্গে বিবাহিত ছিলেন।