ছোটপর্দার পরিচিত মুখ সাইদুর রহমান পাভেল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সংবেদনশীল ভিডিওকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’এর ‘জাকির’ খ্যাত এই অভিনেতা।
প্রায় ৪৫ সেকেন্ডের ওই ভিডিওতে এক নারীর সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় পাভেলকে আপত্তিকর অঙ্গভঙ্গি করতে দেখা যায়। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নানা আলোচনা-সমালোচনা শুরু হলে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেতা।
গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় পাভেল বলেন, “ভিডিওতে থাকা ওই নারী আমার বান্ধবী, এর বাইরে আমাদের অন্য কোনো সম্পর্ক নেই।”
ক্যারিয়ারের শুরুতে ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন ৯’এ অংশ নিয়ে যৌথভাবে দ্বিতীয় রানারআপ হন পাভেল। এরপর তপু খানের ‘কট বিহাইন্ড’ নাটকের মাধ্যমে অভিনয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন তিনি।
তবে তাঁর ক্যারিয়ারে বড় পরিবর্তন আসে কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ এ অভিনয়ের পর। ‘বজরা বাজারের জাকির’ বা ‘জাকির হোসেন নেইমার’ চরিত্রে অভিনয় করে দেশজুড়ে ব্যাপক পরিচিতি পান পাভেল।