স্ত্রীর মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় কারাগারে যেতে হয়েছিল ছোট পর্দার অভিনেতা জাহের আলভীকে। দীর্ঘ বিরতির পর আবারও অভিনয়ে ফিরেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট দিয়ে নতুন করে কাজ শুরুর খবর জানিয়েছেন এই অভিনেতা।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ফেসবুকে আলভী লেখেন, ‘ছোট্ট একটা উদযাপন, কিন্তু অনেক বড় অনুপ্রেরণা… ফিরে আসার হাওয়া…।’
এর আগে আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘স্বাগত জানাবেন না আপনারা আমাকে...।’ পরে জানান, সাত মাস পর আবারও কাজ শুরু করেছেন তিনি। নতুন এই কাজটি পরিচালনা করছেন সামির রহমান রাব্বি। প্রযোজক মাহমুদ হাসান রানা। তবে কাজটির নাম, গল্প কিংবা প্রচারের সময় সম্পর্কে বিস্তারিত জানাননি আলভী।
আলভীর স্ত্রী আফরা ইবনাত ইকরার মৃত্যুর ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা হয়। গত ১৮ জুন ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর হয়। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ২৪ জুন দুই দিনের রিমান্ড শেষে আবারও কারাগারে পাঠানো হয় তাকে। পরে ৩ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পান এই অভিনেতা।
দীর্ঘ বিরতির পর আলভীর কাজে ফেরার খবরে তার অভিনয়জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।