সাবিলা নূরকে ঘিরে সামাজিক মাধ্যমে একটি ভুয়া ফটোকার্ড ছড়িয়ে পড়েছে, যেখানে অভিনেত্রীর নামে একটি বক্তব্য প্রচার করা হয়। তবে বাস্তবে এমন কোনো মন্তব্য তিনি করেননি।

বিষয়টি নিয়ে নিজের ফেসবুক হ্যান্ডলে সতর্কবার্তা দিয়েছেন সাবিলা নূর। তিনি লিখেছেন, তাঁকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। স্পষ্ট করে জানাতে চান, তিনি যদি কখনো কোনো বিষয়ে বক্তব্য দেন, তা কেবল মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে তাঁর মতো অনেক শিল্পীকে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা মোটেও কাম্য নয়। অনেক সময় ভালোবাসা বা আবেগ থেকে এসব কনটেন্ট তৈরি করা হলেও সেগুলো বিভ্রান্তি তৈরি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়।

সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে সাবিলা নূর বলেন, তাঁর দর্শকরা সব সময় সচেতন ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে তিনি আশাবাদী। একই সঙ্গে বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।