বলিউডের দুই শক্তিমান অভিনেতা সানি দেওল ও অক্ষয় খান্নার রোমাঞ্চকর রসায়ন নিয়ে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে নতুন কোর্টরুম থ্রিলার সিনেমা ‘ইক্কা’ (Ikka)। দশকের পুরোনো বাণিজ্যিক হিন্দি সিনেমার চেনা ফর্মুলাকে নতুন আঙ্গিকে সাজিয়ে নির্মিত এই সিনেমাটি দর্শকদের বিনোদন দিতে পারলেও, সমালোচকদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারেনি।
সিদ্ধার্থ পি মালহোত্রা পরিচালিত এই সিনেমাটির মূল শক্তি সানি ও অক্ষয়ের অনবদ্য অভিনয়। ছবিতে সানি দেওল একজন সৎ ও প্রভাবশালী ডিফেন্স আইনজীবী ‘অর্জুন মেহরা’র চরিত্রে অভিনয় করেছেন, যিনি পরিস্থিতির শিকার হয়ে এক বিপজ্জনক নৈতিক ফাঁদে পড়েন। নিজের পরিবার এবং স্ত্রী অবন্তিকাকে (দিয়া মির্জা) বাঁচাতে তাঁকে এমন একজন হত্যা মামলার আসামির পক্ষে লড়তে হয়, যাকে তাঁর নিজের বিবেক অপরাধী বলে মনে করে। আর সেই ধূর্ত ও কুটিল আসামির চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না।
চলচ্চিত্র সমালোচক অনুজ কুমার জানান, সিনেমাটির গল্পে বেশ কিছু চমকপ্রদ টুইস্ট অ্যান্ড টার্ন রয়েছে, যা দর্শকদের ধরে রাখতে সাহায্য করে। বিশেষ করে আদালতে সানি ও অক্ষয়ের মধ্যকার বাঘে-মহিষে লড়াই এবং সংলাপগুলো বেশ উপভোগ্য। তবে সিনেমার শেষ অংশে এসে জটিল লজিক বা যুক্তিকে পাশ কাটিয়ে সানি দেওলের চিরচেনা ‘লার্জার দ্যান লাইফ’ বা অপরাজেয় নায়কের ইমেজ ধরে রাখার যে চেষ্টা করা হয়েছে, তা সিনেমার গভীরতাকে কিছুটা ক্ষুণ্ণ করেছে।
সিনেমাটিতে একঝাঁক চেনা মুখের ভিড়ে নবীন প্রসিকিউশন আইনজীবী ‘মধুরা’র চরিত্রে তিলত্তমা শোমে (Tillotama Shome) তাঁর সাবলীল অভিনয় দিয়ে আলাদাভাবে নজর কেড়েছেন। আলথিয়া কৌশল এবং ময়াঙ্ক তিওয়ারির চিত্রনাট্যে নির্মিত ১৪০ মিনিটের এই মেলোড্রামাটি বর্তমানে ওটিটি জায়ান্ট নেটফ্লিক্সে স্ট্রিম হচ্ছে।