ছোটদের অত্যন্ত প্রিয় ও জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘রুদ্র: বুম চিক চিক বুম’ (Rudra: Boom Chik Chik Boom)-এর নতুন পর্ব নিয়ে ব্যাপক উদ্দীপনা দেখা যাচ্ছে শিশু ও কিশোর দর্শকদের মাঝে। কিডস চ্যানেল নিকেলওডিয়ন (Nickelodeon India)-এ সান্ধ্যকালীন সময়ে নিয়মিত প্রচারিত হচ্ছে সিরিজটির নতুন এই পর্বগুলো।

ইউটিউবে প্রকাশিত নিকেলওডিয়নের অফিশিয়াল প্রমো-র তথ্য অনুযায়ী, ছোটদের বিনোদনের খোরাক জোগাতে ৯ বছরের বালক জাদুকর রুদ্র আবারও হাজির হয়েছে তার নতুন সব অ্যাডভেঞ্চার নিয়ে। সানফ্লাওয়ার সিটির জাদুকরী দুনিয়ায় নিজের বন্ধু মাইরা ও বরুণের সঙ্গে মিলে প্রতিপক্ষ শকালের নানা ষড়যন্ত্র নস্যাৎ করাই যার প্রধান কাজ। কোনো জাদুদণ্ড বা জাঁকজমকপূর্ণ কস্টিউম ছাড়াই কেবল একাগ্রতা ও আত্মবিশ্বাসের শক্তিতে রুদ্র কীভাবে একের পর এক সমস্যার সমাধান করে তা নতুন পর্বগুলোতে দারুণভাবে তুলে ধরা হয়েছে। সপ্তাহের প্রতি সোমবার থেকে শুক্রবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে নিকেলওডিয়ন চ্যানেলে ও নিক ইন্ডিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে এই মেজিক ও ফ্যান্টাসি ভরপুর শোটি।