ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয় নিয়ে সমালোচনা ও ট্রলের মুখে পড়তে হয়। কখনও তার পোশাক, কখনও ব্যক্তিগত আচরণ নিয়ে নেটিজেনদের আলোচনা-সমালোচনা দেখা যায়। সম্প্রতি পরিচালক চৈতি ঘোষালের নতুন সিনেমা ‘নেভার মাইন্ড’-এর প্রিমিয়ারে উপস্থিত হওয়ার পর আবারও আলোচনায় আসেন তিনি। তবে সিনেমার চেয়ে বেশি আলোচিত হয় তার পোশাক ও দীর্ঘদিনের একটি ব্যক্তিগত অভ্যাস।
বিশেষ করে সাক্ষাৎকার কিংবা ক্যামেরার সামনে কথা বলার সময় বারবার চুলে হাত দেওয়ার কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে নানা মন্তব্য করা হয়। অনেকেই বিষয়টি নিয়ে রসিকতা করেন, আবার কেউ কেউ দাবি করেন, বাড়তি মনোযোগ আকর্ষণের জন্যই তিনি এমন করেন। এমনকি কিছু নেটিজেন তাকে মাথা ন্যাড়া করার পরামর্শও দিয়েছেন।
এসব সমালোচনার জবাবে ঋতুপর্ণা সেনগুপ্ত জানিয়েছেন, এটি মূলত তার ছোটবেলার একটি বদ অভ্যাস। তার ভাষায়, কথা বলতে বলতে তিনি প্রায়ই মনে করেন চুল ঠিকভাবে সেট করা আছে কি না, তাই অজান্তেই চুলে হাত দিয়ে দেখেন। তিনি বলেন, সবসময় এমন হয় না, তবে ক্যামেরার সামনে দাঁড়ালে তিনি নিজের প্রতি বেশি সচেতন হয়ে পড়েন। সেই সময় না চাইলেও বারবার চুলে হাত চলে যায়। তবে একা থাকলে বা স্বাভাবিক পরিস্থিতিতে তিনি এতটা চুলে হাত দেন না বলেও জানান অভিনেত্রী।