বলিউডের বহুল আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে সরে দাঁড়ানোকে কেন্দ্র করে প্রযোজক ফারহান আখতার ও অভিনেতা রণবীর সিংয়ের বিরোধ এবার আদালতের দিকে গড়াচ্ছে। সিনেমাটির প্রযোজকদের পক্ষ থেকে ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণের দাবি করা হলেও, ভারতীয় মোশন পিকচার প্রডিউসার্স অ্যাসোসিয়েশন বা ইম্পার মধ্যস্থতা মেনে নিতে রাজি নন রণবীর। তাঁর অবস্থান, দুই পক্ষের মধ্যে সরাসরি সমঝোতা না হলে বিরোধের নিষ্পত্তি আদালতের মাধ্যমেই হতে হবে।
ভারতীয় সংবাদমাধ্যম ‘মিড-ডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৮ আগস্ট ইম্পার সঙ্গে বৈঠকে বসেছিলেন রণবীরের বাবা ও প্রতিনিধি জগজিৎ সিং ভবনানি। বৈঠকের পর রণবীরের আইনি দল ইম্পাকে চিঠি পাঠিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে। সেখানে প্রযোজকদের ৪৫ কোটি রুপির ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান করার পাশাপাশি বিরোধ নিষ্পত্তিতে ইম্পার বিচারিক ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
রণবীরের আইনজীবীদের দাবি, এক্সেল এন্টারটেইনমেন্টের সঙ্গে অভিনেতার শুধু একটি সমঝোতা স্মারক বা এমওইউ হয়েছিল। কোনো চূড়ান্ত বা আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি। তাই প্রযোজকদের অভিযোগ ইম্পার খারিজ করা উচিত বলে মনে করছেন তাঁরা।
আইনি চিঠিতে আরও বলা হয়েছে, রণবীর ও প্রযোজক পক্ষ নিজেদের মধ্যে সমঝোতায় পৌঁছাতে না পারলে বিষয়টির চূড়ান্ত সিদ্ধান্ত আদালতেই হওয়া উচিত। অর্থাৎ, ইম্পার মধ্যস্থতার মাধ্যমে বিরোধ মেটানোর সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছেন অভিনেতা।
২০২৩ সালে বড় আয়োজনের মাধ্যমে ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির নতুন মুখ হিসেবে রণবীর সিংয়ের নাম ঘোষণা করা হয়েছিল। তবে চিত্রনাট্য ও সৃজনশীল বিষয় নিয়ে মতবিরোধের জেরে শুটিং শুরুর ঠিক আগে সিনেমাটি থেকে সরে দাঁড়ান তিনি। এরপর তাঁর আকস্মিক সিদ্ধান্তে আর্থিক ক্ষতির অভিযোগ তুলে প্রযোজক ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি ৪৫ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেন এবং বিষয়টি নিয়ে প্রযোজক সমিতির দ্বারস্থ হন।