বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। সম্প্রতি সঞ্জয় লীলা বানশালির নতুন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর কাজের ব্যস্ততার মাঝেই নিজেদের জন্য কিছুটা সময় বের করেছেন এই যুগল। গত সোমবার ছিল রণবীর কাপুরের জন্মদিন। জীবনের এই বিশেষ দিনে স্বামীকে ভালোবাসা ও আদরে ভরিয়ে দিয়েছেন স্ত্রী আলিয়া ভাট। 

সাধারণত দেখা যায় পর্দার গল্প বা বাস্তব জীবনে অভিনেতারাই তাঁদের স্ত্রীদের কোলে তুলে নেন, তবে এবার মিলল একদম অন্যরকম ও ব্যতিক্রমী চিত্র। রণবীরের জন্মদিনে ভালোবাসার নজির গঙে স্বামীকে নিজের কোলে তুলে নিলেন আলিয়া! সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে জন্মদিনের বিশেষ কয়েকটি ছবি শেয়ার করেন আলিয়া ভাট, যেখানে ঘরের কোণে থাকা আর্মচেয়ারে বসে পরম ভালোবাসায় রণবীরকে কোলে তুলে জড়িয়ে ধরে থাকতে দেখা যায় তাঁকে। ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন কিউটি’।

পোস্টটি নেটদুনিয়ায় আসতেই তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তরা প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছায় ভরিয়ে দেন। ২০২২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই তারকা দম্পতির কোল আলো করে এসেছে কন্যা সন্তান রাহা। দাম্পত্য সুখের পাশাপাশি কাজের জগতেও বেশ ব্যস্ত দুজনে; বিশেষ করে রণবীর ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছাড়াও চার হাজার কোটি রুপি বাজেটের মেগাপ্রকল্প ‘রামায়ণ’-এর মুখ্য ভূমিকায় কাজ করছেন।