মুম্বাইয়ে ‘রামায়ণ’-এর একটি অনুষ্ঠানের পর স্ত্রী আলিয়া ভাট, ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর সহ-অভিনেতা ভিকি কৌশল এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে রেস্তোরাঁয় গিয়েছিলেন রণবীর কাপুর। শনিবার রাতে ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রার আয়োজিত একটি অনুষ্ঠানে র‍্যাম্পে হাঁটার পর একসঙ্গে বাইরে বের হন তারা। রেস্তোরাঁর বাইরে পাপারাজ্জিদের সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন চারজন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, রণবীর, আলিয়া, ভিকি ও সঞ্জয় লীলা বানসালি একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছেন। এ সময় রণবীরের পরনে ছিল জলপাই-সবুজ রঙের ছোট কুর্তা ও কালো জিনস। আলিয়াকে দেখা যায় নিয়ন-সবুজ পোশাকে। অন্যদিকে ভিকি পরেছিলেন সাদা শার্ট ও কালো ট্রাউজার।

ছবি তোলার একপর্যায়ে সঞ্জয় লীলা বানসালি ফ্রেম থেকে সরে যেতে চাইলেও রণবীর তাকে ফিরে এসে সবার সঙ্গে ছবি তোলার অনুরোধ করেন। এরপর ছবি তোলা শেষ হলে তারা সেখান থেকে চলে যেতে শুরু করেন।

রণবীর হাঁটা শুরু করার পর এক ফটোগ্রাফার বারবার তাকে ডাকতে থাকেন। একই সঙ্গে আলিয়া ও ভিকির সঙ্গে ছবি তোলার অনুরোধও করেন তিনি। এতে কিছুটা বিরক্ত হতে দেখা যায় রণবীরকে। ঘুরে দাঁড়িয়ে ওই ফটোগ্রাফারকে তিনি বলেন, “বহুত বোল রহা হ্যায় তু হ্যাঁ”, যার বাংলা অর্থ, ‘তুমি অনেক বেশি কথা বলছ।’

রণবীরের এই মন্তব্যের ভিডিও প্রকাশ্যে আসার পর তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি ঘিরে ভক্ত ও নেটিজেনদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়াও দেখা গেছে।

এদিকে রণবীর কাপুরের হাতে রয়েছে একাধিক বড় বাজেটের সিনেমা। নিতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ: পার্ট ওয়ান’ ২০২৬ সালের দীপাবলিতে মুক্তির পরিকল্পনা রয়েছে। ছবিতে রণবীরের পাশাপাশি যশ, সানি দেওল, লারা দত্ত ও রাকুল প্রীত সিংসহ আরও অনেকে অভিনয় করছেন। এর দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘রামায়ণ’-এর প্রচারণাও শুরু হয়েছে। সম্প্রতি ছবির কলাকুশলী ও অভিনয়শিল্পীদের নিয়ে আয়োজিত একটি মিডিয়া মিট-অ্যান্ড-গিট অনুষ্ঠানে অংশ নেন রণবীর। সেখানে সাই পল্লবী, রবি দুবে, ডিএনইজি, নমিত মালহোত্রা এবং কনটেন্ট ক্রিয়েটর মিস্টার বিস্টসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ ছবিতে আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে অভিনয় করছেন রণবীর। ছবিটির গল্প ও চরিত্র নিয়ে নির্মাতারা এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেননি। তবে বিভিন্ন প্রতিবেদনে এটিকে পিরিয়ড রোমান্টিক ওয়ার ড্রামা হিসেবে উল্লেখ করা হয়েছে। ‘লাভ অ্যান্ড ওয়ার’ ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তির পরিকল্পনা রয়েছে।