নীতেশ তিওয়ারির বহুল আলোচিত ‘রামায়ণ’ ছবিতে যুক্ত হওয়ার পর আবারও আলোচনায় এসেছেন বলিউড অভিনেত্রী রাকুল প্রীত সিং। সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি ছবিটি নিয়ে নিজের উচ্ছ্বাসের কথা জানান। একই সঙ্গে তেলেগু ও হিন্দি চলচ্চিত্রশিল্পের কাজের পরিবেশের পার্থক্য নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন এই অভিনেত্রী।

রাকুলের মতে, তেলেগু চলচ্চিত্রশিল্পে শিল্পী ও নির্মাতাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা এবং আন্তরিকতা অনেক বেশি। তিনি বলেন, তাঁর অভিনয়জীবনের ভিত্তি তৈরি হয়েছে তেলেগু ইন্ডাস্ট্রিতে, যেখানে সবাই একটি বড় পরিবারের মতো কাজ করেন। সেখানে প্রতিযোগিতা থাকলেও শিল্পীরা একে অপরের কাজকে সমর্থন করেন এবং সহকর্মীদের সাফল্যে আনন্দ প্রকাশ করেন।

অভিনেত্রীর ভাষ্য, তেলেগু চলচ্চিত্রশিল্পে নতুন ছবি মুক্তি পেলে সহশিল্পীরা প্রিমিয়ার ও বিশেষ প্রদর্শনীতে উপস্থিত থাকেন। শুধু নিজের কাজ নয়, অন্যের কাজ নিয়েও আলোচনা হয়। সাফল্যের অনুষ্ঠানে অংশ নেওয়াও সেখানে স্বাভাবিক একটি সংস্কৃতি। তাঁর মতে, এই পারস্পরিক সমর্থন পুরো ইন্ডাস্ট্রিকে আরও শক্তিশালী করে।

অন্যদিকে, বলিউডে এসে তিনি ভিন্ন একটি বাস্তবতা দেখেছেন। রাকুল মনে করেন, হিন্দি চলচ্চিত্রশিল্পে অনেকের মধ্যে অনিরাপত্তাবোধ কাজ করে, যার কারণে অন্যের সাফল্যকে খোলামেলাভাবে উদযাপন করার প্রবণতা তুলনামূলক কম। তাঁর মতে, যদি বলিউডেও তেলেগু ইন্ডাস্ট্রির মতো সহযোগিতামূলক পরিবেশ গড়ে ওঠে, তাহলে পুরো চলচ্চিত্রশিল্প আরও সমৃদ্ধ হবে।

রাকুল বলেন, প্রতিযোগিতা যে কোনো পেশারই অংশ, কিন্তু সেটি যেন পারস্পরিক সম্পর্ককে প্রভাবিত না করে। তিনি মনে করেন, শিল্পীদের মধ্যে সহযোগিতা এবং ইতিবাচক মানসিকতা থাকলে সৃজনশীল কাজের মান আরও বাড়বে।

বর্তমানে ‘রামায়ণ’ ছবিতে রাবণের বোন শূর্পণখার চরিত্রে অভিনয় করছেন রাকুল প্রীত সিং। ভারতীয় পুরাণের অন্যতম আলোচিত এই চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি বিশেষভাবে উচ্ছ্বসিত। সম্প্রতি দিল্লিতে আয়োজিত ছবির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশ করে তিনি জানান, এমন একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ববহ প্রকল্পের অংশ হতে পেরে তিনি গর্বিত।

রাকুলের মতে, ‘রামায়ণ’ শুধু একটি চলচ্চিত্র নয়, এটি ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তিনি বিশ্বাস করেন, ছবিটি বিশ্বের সামনে ভারতীয় ইতিহাস ও সংস্কৃতিকে নতুনভাবে তুলে ধরবে।

নীতেশ তিওয়ারি পরিচালিত এই মেগা বাজেটের চলচ্চিত্রটি দুই পর্বে মুক্তি পাবে। ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী এবং রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশ। এছাড়া লক্ষ্মণ চরিত্রে রবি দুবে, হনুমান হিসেবে সানি দেওল, কৈকেয়ীর ভূমিকায় লারা দত্ত, মন্দোদরির চরিত্রে কাজল আগারওয়াল, ইন্দ্রের ভূমিকায় কুনাল কাপুর এবং জটায়ুর চরিত্রে অনুপম খেরকে দেখা যাবে।

পরিকল্পনা অনুযায়ী, ‘রামায়ণ’-এর প্রথম পর্ব ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয় পর্ব ২০২৭ সালের দীপাবলিতে মুক্তি পাবে। ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে পৌঁছেছে।