চেক বাউন্স মামলায় বড় ধাক্কা খেলেন বলিউড অভিনেতা রাজপাল যাদব। একাধিক মামলায় তার বিরুদ্ধে দেওয়া ট্রায়াল কোর্টের দোষী সাব্যস্ত করার রায় বহাল রেখেছে দিল্লি হাইকোর্ট। একই সঙ্গে তাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সংবাদ সংস্থা পিটিআইয়ের তথ্য অনুযায়ী, আদালত আগের রায় বহাল রাখলেও শাস্তির মেয়াদ ছয় মাস থেকে কমিয়ে তিন মাস নির্ধারণ করেছেন। এছাড়া ক্ষতিপূরণ হিসেবে অভিযোগকারী পক্ষকে বিপুল অঙ্কের অর্থ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

আদালতের নির্দেশ অনুসারে, সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারীকে ১ কোটি ৫ লাখ টাকা করে পরিশোধ করতে হবে রাজপাল যাদবকে। পাশাপাশি প্রতিটি মামলায় অতিরিক্ত ১ কোটি ৪ লাখ টাকা এবং রাজ্য সরকারকে ২৫ হাজার টাকা করে দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

মামলায় শুধু রাজপাল যাদবই নন, তার স্ত্রী রাধা যাদবও আর্থিক দায়ের আওতায় এসেছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, সাতটি মামলার প্রতিটিতে অভিযোগকারীকে ৫ কোটি ৫১ লাখ টাকা করে পরিশোধ করতে হবে তাকে।

চেক বাউন্স সংক্রান্ত এই মামলাগুলো দীর্ঘদিন ধরে বিচারাধীন ছিল। সর্বশেষ দিল্লি হাইকোর্টের এই রায়ের মাধ্যমে মামলার গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তবে আইনি লড়াই এখানেই শেষ হচ্ছে না। আদালতের এই রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার সুযোগ রয়েছে রাজপাল যাদবের। ফলে পরবর্তী সময়ে মামলাটি নতুন মোড় নিতে পারে।

প্রসঙ্গত, রাজপাল যাদব বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতাদের একজন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি অসংখ্য ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করেছেন এবং তার অভিনয় দর্শকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।