বাণিজ্যিক ধারার সিনেমা বানিয়ে ঝড় তোলা নির্মাতা রায়হান রাফি এবার নিজের ভেতরের ভিন্ন এক গল্পকারের রূপ মেলে ধরলেন। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের নির্মাণ ক্যারিয়ার, অনুপ্রেরণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই পরিচালক। সেখানেই তিনি জানিয়েছেন, প্রয়াত কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদই মূলত তার চলচ্চিত্রে আসার সবচেয়ে বড় অনুপ্রেরণা।

নিজের শৈশব ও স্বপ্নের লড়াইয়ের স্মৃতিচারণ করে রায়হান রাফি বলেন, ‘আমাদের ছোটবেলায় কী হয়? অনেকে অনেক স্বপ্ন দেখে, যা পূরণ হয় না। তো আমিও ভেবে নিয়েছিলাম যে, আমার স্বপ্ন আসলে পূরণ হবে না। কীভাবে আমি ডিরেক্টর হব? কীভাবে আমি সিনেমা বানাব? ঠিক তখন আমি তারেক মাসুদকে দেখলাম। তার একটা নিউজ আমি পড়লাম। দেখলাম, ‘মাটির ময়না’ নিয়ে কান উৎসবে গিয়েছেন।’

তারেক মাসুদের জীবনীর সঙ্গেই নিজের জীবনের মিল খুঁজে পেয়েছিলেন রাফি। সেই অধ্যায়টি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘উনার জীবন দেখলাম। আমি উনার জীবন নিয়ে পড়াশোনা করার চেষ্টা করি। আমার জীবনের সাথে উনার লাইফের অনেক কিছু মিলে যায়। ওটাই ছিল আমার ইন্সপিরেশন। এবং একটা জিনিস কী হলো? আমি এত বছর পরে এসে পেশাদার, কিন্তু আমি আমার ওস্তাদকে মানে তারেক মাসুদকে এই ছবিটা উৎসর্গ করেছি।’