পশ্চিমবঙ্গের শিল্পী সংগঠনগুলো রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদ এবং শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার সব সিনেমা ও ধারাবাহিক (সিরিয়াল) শুটিং বন্ধ থাকবে।

রোববার কলকাতার টেকনিশিয়ানস স্টুডিওয় টলিপাড়ার জ্যেষ্ঠ অভিনেতাদের জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র এবং বিদীপ্তা চক্রবর্তী।

শনিবার বিকেলে টলিপাড়ার শিল্পীরা রাজপথে নেমে রাহুলের অকালে মৃত্যুর জন্য ক্ষোভ প্রকাশ করেন। রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরাম পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়। পাশাপাশি, রাহুলের স্ত্রী এবং অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার মধ্যরাতেই উড়িষ্যার তালসারি থানায় পৃথক এফআইআর দায়ের করেন।

বৈঠক শেষে শান্তিলাল মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে জানান, “আমরা রাহুলের পরিবারের পাশে আছি। এই ধর্মঘট জীবন রক্ষার লড়াই। শুটিংয়ে বেরোই কিন্তু নিরাপদে বাড়ি ফেরার নিশ্চয়তা নেই। রাহুল আমাদের চোখ খুলে দিয়েছে। তাই কর্মবিরতি শুরু করেছি।”

প্রায় চার হাজার শিল্পী ও সাত হাজার টেকনিশিয়ান সদস্যের ফেডারেশন এই ধর্মঘটের সঙ্গে সংহতি জানিয়েছে। ফলে বড় পর্দার শুটিংসহ ছোট পর্দার সব কাজও অনির্দিষ্টকালের জন্য থমকে যাচ্ছে।