বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য রোমান্টিক ও ইতিবাচক চরিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা অর্জন করেছেন। মিষ্টি হাসি, কোমল ব্যক্তিত্ব এবং পর্দায় স্নিগ্ধ উপস্থিতির কারণেই তিনি বরাবরই রোমান্টিক নায়িকা হিসেবে পরিচিত। তবে এবার সেই পরিচিত ইমেজ ভাঙতে চান এই অভিনেত্রী। ক্যারিয়ারের নতুন অধ্যায়ে তিনি অভিনয় করতে চান একজন খলনায়িকার চরিত্রে।
সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে চ্যানেল আইয়ের একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে মনের এই ইচ্ছার কথা প্রকাশ করেন পূর্ণিমা। তিনি জানান, দীর্ঘ অভিনয়জীবনে এমন কোনো চরিত্রে অভিনয়ের সুযোগ পাননি, যেখানে তাকে দর্শক ঘৃণা করবে বা নেতিবাচক চরিত্র হিসেবে দেখবে। অথচ এমন একটি চরিত্রে অভিনয় করাই এখন তার সবচেয়ে বড় ইচ্ছা।
পূর্ণিমা বলেন, “আমার খুব ইচ্ছা খলনায়িকা বা ভিলেন টাইপ চরিত্রে অভিনয় করার। পর্দায় এমন একটি চরিত্র ফুটিয়ে তুলতে চাই, যার প্রতি মানুষের তীব্র ঘৃণা তৈরি হবে। একজন অভিনেত্রী হিসেবে এমন চরিত্রে নিজেকে প্রমাণ করতে পারলে সেটি আমার জন্য বড় একটি অর্জন হবে।”
তার মতে, এতদিন নির্মাতারা তার চেহারা ও পর্দার ইমেজের কারণে কখনো নেতিবাচক চরিত্রে তাকে ভাবেননি। দর্শকরাও তাকে সবসময় রোমান্টিক, ভদ্র ও ইতিবাচক চরিত্রেই দেখতে অভ্যস্ত হয়ে গেছেন।
এ বিষয়ে অভিনেত্রী বলেন, “এখন পর্যন্ত খলচরিত্রে অভিনয় করা হয়নি আমার। আমাকে নিয়ে হয়তো কেউ তেমনটা চিন্তাই করেননি। সবাই ভাবেন আমার চেহারার সঙ্গে নেতিবাচক চরিত্র ঠিক মানাবে না। দর্শকেরা আমাকে রোমান্টিক ও পরিপাটি লুকে দেখতেই অভ্যস্ত। তবে এবার এর সম্পূর্ণ বিপরীত কোনো চরিত্রে কাজ করার সুযোগ পেলে খুব ভালো লাগবে।”
পূর্ণিমার বিশ্বাস, একজন শিল্পীর জন্য নিজেকে বারবার নতুনভাবে আবিষ্কার করা জরুরি। তাই একই ধরনের চরিত্রে আটকে না থেকে ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় দক্ষতার নতুন দিক তুলে ধরতে চান তিনি।
উল্লেখ্য, একসময় ঢাকাই চলচ্চিত্রের ব্যস্ততম অভিনেত্রীদের একজন ছিলেন পূর্ণিমা। তবে গত কয়েক বছর ধরে অভিনয়ে বেশ অনিয়মিত তিনি। প্রায় তিন বছর আগে দুটি ওটিটি কনটেন্টে তাকে দেখা গেলেও এরপর আর নতুন কোনো নাটক বা সিনেমায় নিয়মিত কাজ করেননি। বর্তমানে মাঝে মধ্যে বিভিন্ন টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায় অংশ নেন এই জনপ্রিয় অভিনেত্রী।
দীর্ঘ বিরতির পর পূর্ণিমার এমন ইচ্ছার কথা প্রকাশ পাওয়ায় ভক্তদের মধ্যেও নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, কোনো নির্মাতা তাকে সত্যিই ভিলেন বা খলনায়িকার চরিত্রে বড় পর্দা কিংবা ওটিটিতে উপস্থাপনের সাহস দেখান কি না।