বিয়ে সেরে ফেলেছেন চিত্রনায়িকা পূজা চেরী গত কয়েক দিন ধরে ঢালিউড পাড়ায় ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এমন গুঞ্জনে অবশেষে মুখ খুলেছেন তিনি। দেশের এক ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিয়ে সম্পন্ন করার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অসত্য দাবি করে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পূজা স্পষ্ট জানিয়ে দেন, তাঁর এখনো বিয়ে হয়নি। ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার না করার অনুরোধ জানিয়ে তিনি লেখেন, "বারবার বলতে চাই আমার এখনো বিয়ে হয়নি। যখন হবে, আপনারাই প্রথম জানতে পারবেন।" অতীতে দেওয়া এক সাক্ষাৎকারের কথা মনে করিয়ে দিয়ে তিনি আবারও জানান, পারিবারিকভাবে তিনি ‘এনগেজড’ এবং বিয়ের বিষয়টি ঢাকঢোল পিটিয়ে আনন্দের সঙ্গেই সবাইকে জানানো হবে, এখানে লুকানোর কিছু নেই।
সামাজিক মাধ্যমে তাঁকে ঘিরে লাগাতার মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে অসন্তোষ প্রকাশ করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারিও দেন পূজা। বাংলাদেশের সংবিধান এবং সাইবার নিরাপত্তা আইনের কথা উল্লেখ করে তিনি জানান, তাঁর নীরবতাকে সুযোগ বানিয়ে যদি ভিত্তিহীন সংবাদ প্রকাশ অব্যাহত থাকে, তবে নিজের আইনি অধিকার রক্ষায় পদক্ষেপ নিতে বাধ্য হবেন তিনি।
উল্লেখ্য, শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরী বড় পর্দায় প্রধান চরিত্রে নজর কাড়েন ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে। এরপর ‘দহন’, ‘শান’, ‘গলুই’, ‘জ্বীন’ ও ‘দম’ সহ একাধিক ব্যবসাসফল চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি।