ভারতের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দেবো কে দেব মহাদেব’খ্যাত অভিনেত্রী পূজা ব্যানার্জি ও তাঁর স্বামী অভিনেতা কুণাল ভার্মা দ্বিতীয়বার মা-বাবা হয়েছেন। তাঁদের পরিবারে এসেছে এক কন্যাসন্তান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সুখবর ভক্ত ও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি।
ইনস্টাগ্রামে একটি ছোট ভিডিও প্রকাশ করে নবজাতক কন্যার প্রথম ঝলক দেখিয়েছেন পূজা। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ফার্স্ট লুক অব মাই বেবি গার্ল’। তবে মেয়ের পুরো মুখ প্রকাশ না করে ব্যক্তিগত গোপনীয়তা বজায় রেখেছেন অভিনেত্রী।
ইনস্টাগ্রামের পাশাপাশি নিজেদের ইউটিউব চ্যানেলেও বিশেষ একটি ভিডিও শেয়ার করেছেন পূজা ও কুণাল। সেখানে সন্তান জন্মের আগের ও পরের নানা আবেগঘন মুহূর্ত তুলে ধরা হয়েছে। হাসপাতালে নার্স এসে কন্যাসন্তানের জন্মের খবর দেওয়ার পর পরিবারের সদস্যদের আনন্দ-উচ্ছ্বাসও দেখা গেছে ভিডিওতে। সবচেয়ে আবেগঘন মুহূর্ত ছিল দম্পতির বড় ছেলের সঙ্গে তার ছোট বোনের প্রথম সাক্ষাৎ।
সুখবর প্রকাশ্যে আসার পরই বিনোদনজগতের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধুরা সামাজিক যোগাযোগমাধ্যমে পূজা ও কুণালকে শুভেচ্ছা জানিয়েছেন। ভক্তরাও ভালোবাসা ও শুভকামনায় ভরিয়ে দিয়েছেন তাঁদের পোস্টের মন্তব্যঘর।
চলতি বছরের এপ্রিল মাসে ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর মাধ্যমে দ্বিতীয়বার মা হতে যাওয়ার খবর প্রথম জানান পূজা। পরে ইনস্টাগ্রামে গর্ভধারণের পরীক্ষার মুহূর্তের একটি ভিডিওও প্রকাশ করেন তিনি। মজার ছলে সেই পোস্টের ক্যাপশন দিয়েছিলেন, ‘প্রেগন্যান্সি প্রবলেমস অ্যান্ড দ্য সলিউশন’।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০২০ সালের অক্টোবরে প্রথমবার মা-বাবা হন পূজা ও কুণাল। তাঁদের ঘরে জন্ম নেয় পুত্রসন্তান। ছয় বছর পর পরিবারে নতুন সদস্যের আগমনকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে দেখছেন এই তারকা দম্পতি। নিজেদের দ্বিতীয়বার মা-বাবা হওয়ার যাত্রার নানা মুহূর্তও ভিডিওর মাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তাঁরা।
পূজা ব্যানার্জি ‘দেবো কে দেব... মহাদেব’ ও ‘কমেডি নাইটস বাঁচাও’-এর মতো জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে অভিনয় করে পরিচিতি পেয়েছেন। অন্যদিকে কুণাল ভার্মা ‘তুঝ সঙ্গ প্রীত লাগাই সাজনা’, ‘হবন’, ‘দেবো কে দেব... মহাদেব’ ও ‘দিল সে দিল তক’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন। ব্যক্তিজীবনের পাশাপাশি পেশাগত জীবনেও একসঙ্গে কাজ করেছেন এই তারকা দম্পতি।