টলিউডে বর্তমান অস্থিরতা এবং অভিনেতা রাহুলের অকাল মৃত্যুকে কেন্দ্র করে এবার নিজের অবস্থান পরিষ্কার করলেন ইন্ডাস্ট্রির ‘বুম্বাদা’ অর্থাৎ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সম্প্রতি অভিনেতা দেবের কিছু পদক্ষেপ এবং সোশ্যাল মিডিয়ায় দেওয়া পোস্ট নিয়ে সরাসরি নিজের আপত্তির কথা জানিয়েছেন তিনি। অভিনেতা রিদ্ধি সেনের প্রসঙ্গ টেনে প্রসেনজিৎ মনে করিয়ে দিয়েছেন, ব্যক্তিগত কোনো বিষয় পাবলিক ফোরামে আনার আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে জানানো সৌজন্যের পরিচয়।
দেবের নেওয়া ‘৭২ ঘণ্টার চ্যালেঞ্জ’ প্রসঙ্গে প্রসেনজিৎ বলেন:
“সোশ্যাল মিডিয়ায় যার উদ্দেশে কিছু পোস্ট করা হচ্ছে, আমার মনে হয় তাকে অন্তত একবার জানানো উচিত। না জানিয়ে এভাবে পাবলিক ফোরামে পোস্ট করাটা আমার খারাপ লেগেছে। সরাসরি ৭২ ঘণ্টার চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া কতটা যুক্তিসঙ্গত, তা জানি না। এই বিষয়গুলো প্রথমে ফেডারেশনের কাছে উত্থাপন করা উচিত ছিল।”
রাহুলের মৃত্যুর বিচার দাবিতে সোচ্চার প্রসেনজিৎ আক্ষেপ প্রকাশ করে জানান, ১৪ দিন পার হয়ে গেলেও এখনো জানা যায়নি কেন একজন সদস্য শুটিং করতে গিয়ে আর ঘরে ফিরলেন না। তিনি জানান, প্রযোজকদের সঙ্গে আলোচনা চলছে এবং আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে নতুন সুরক্ষাবিধি কার্যকর হতে যাচ্ছে।
গত ৭ এপ্রিলের বৈঠকের স্মৃতিচারণ করে তিনি আরও যোগ করেন:
“সেদিন আমি বড় ভাই বা দাদা হিসেবে দেবকে বলেছিলাম এখন সবাই রাহুলকে নিয়ে আবেগপ্রবণ, এই মুহূর্তে কথাগুলো না বলে কয়েকদিন বাদে বলতে। আমি মনে করি না কোনো ঘণ্টার চ্যালেঞ্জ নেওয়ার যোগ্যতা বা ক্ষমতা আমার আছে।”
বর্তমানে বন্ধ হয়ে যাওয়া দুটি ধারাবাহিকের কর্মহীন সদস্যদের পুনরায় কাজে ফেরানোর বিষয়েও ফোরামের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান এই বর্ষীয়ান অভিনেতা।