নাটকের শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় আহত হয়েছেন ছোট পর্দার অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। হাসপাতালের বেডে শুয়ে একটি দৃশ্যের শুটিং করার সময় ভারসাম্য হারিয়ে ক্যামেরাসহ তার মুখের ওপর পড়ে যান চিত্রগ্রাহক (ডিওপি)। এতে নাকে গুরুতর আঘাত পান অভিনেত্রী। পরে তাকে হাসপাতালে নিয়ে এক্স-রে করানো হয় এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের দুর্ঘটনার অভিজ্ঞতা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন প্রিয়ন্তী উর্বী। সেখানে তিনি জানিয়েছেন, শুটিংয়ের সময় ঘটে যাওয়া ঘটনাটি ছিল তার জন্য ভীষণ ভীতিকর। দুর্ঘটনার মুহূর্তে অসহ্য ব্যথার পাশাপাশি কিছুক্ষণের জন্য কিছু দেখতে ও কথা বলতে পারছিলেন না বলেও জানান তিনি।

দুর্ঘটনার বর্ণনা দিয়ে প্রিয়ন্তী লিখেছেন, ‘গতকাল শুটিংয়ে আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সত্যি বলতে, অভিজ্ঞতাটা ছিল ভয়ংকর! আমি একটা মিউট শট দিচ্ছিলাম, যেখানে আমি হাসপাতালের বেডে শুয়ে ছিলাম আর সবাই মিলে বেডটা টেনে আমাকে একটা রুমে নিয়ে যাচ্ছিল। ক্লোজ শটের জন্য আমাদের ডিওপি বেডের ওপর উঠে আমার মুখের সামনে ক্যামেরা সেট করছিলেন।’

তিনি আরও লেখেন, ‘আমরা তখন মহাখালী ক্যান্সার ইনস্টিটিউটে শুটিং করছিলাম। শটের মাঝখানে বেডটা ঝাঁকি খাওয়ায় আমাদের ডিওপি ব্যালেন্স হারিয়ে ফেলেন, আর ক্যামেরাসহ সরাসরি আমার মুখের ওপর পড়ে যান। এক মুহূর্তের জন্য আমি কিছু দেখতে পাচ্ছিলাম না, কথা বলতে পারছিলাম না। ব্যথাটা ছিল অসহ্য! এরপর আমরা হাসপাতালে যাই, এক্স-রে করাই। এখন ব্যথার ওষুধ আর অ্যান্টিবায়োটিক খাচ্ছি।’

তবে দুর্ঘটনার জন্য কাউকে দায়ী করতে চান না এই অভিনেত্রী। তার ভাষ্য, শুটিংয়ের সময় সবাই নিজেদের দায়িত্ব ঠিকভাবেই পালন করছিলেন। এটি ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। এ প্রসঙ্গে প্রিয়ন্তী লিখেছেন, ‘এখানে একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এখানে কারও কোনো দোষ নেই। এটা একটা দুর্ঘটনা ছিল। সবাই নিজের কাজটা ঠিকভাবেই করছিলেন। কিন্তু দুর্ঘটনাটা আমার সঙ্গে ঘটেছে, আর আমি যে ব্যথার মধ্য দিয়ে গিয়েছি, সেটা একদম বাস্তব।’

আঘাতের পর তার নাক ফুলে গেলেও ভেঙে যায়নি। বড় ধরনের বিপদ থেকে রক্ষা পাওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন অভিনেত্রী। কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে প্রিয়ন্তী উর্বী বলেন, ‘আমি তো ভেবেছিলাম হয়তো নাক ভেঙে গেছে। কিন্তু নাক ভাঙেনি, তবে অনেক ফুলে গেছে। ফেসেও তেমন কোনো সমস্যা হয়নি। আলহামদুলিল্লাহ, হয়তো আরও অনেক বড় কিছু হতে পারত। ব্যথা আছে প্রচণ্ড।’

দুর্ঘটনায় আহত হলেও শুটিং বন্ধ রাখেননি প্রিয়ন্তী। তিনি জানান, দুর্ঘটনার পরও রাত ২টা পর্যন্ত শুটিং করেছেন। পরদিনও অংশ নিয়েছেন কাজে। আর মাত্র একদিন শুটিং করলেই নাটকটির কাজ শেষ হবে। তাই নিজের জন্য পরিচালকসহ পুরো শুটিং টিমের কাজে যেন কোনো সমস্যা না হয়, সে কথা বিবেচনা করেই কাজ শেষ করতে চাইছেন তিনি।

জানা গেছে, প্রিয়ন্তী উর্বী বর্তমানে ‘মনের মতো’ নাটকের শুটিং করছেন। রাসেল আজম পরিচালিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করছেন আরশ খান। দুর্ঘটনার পর ব্যথা থাকলেও কাজ শেষ করার বিষয়ে নিজের অবস্থান জানিয়েছেন অভিনেত্রী।