ঘরের কাজকর্মকে শুধু নারীদের দায়িত্ব হিসেবে দেখার প্রচলিত সামাজিক ধারণার বিরুদ্ধে সরব হয়েছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। সম্প্রতি ‘কান লায়ন্স’ উৎসবে অংশ নিয়ে তিনি বলেন, রান্না করা কিংবা ঘর পরিষ্কার করা কোনো নির্দিষ্ট লিঙ্গের দায়িত্ব নয়, বরং এগুলো প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের প্রয়োজনীয় জীবন দক্ষতা।
প্রিয়াঙ্কার মতে, এখনও বিশ্বের অনেক পরিবারে দৈনন্দিন গৃহস্থালি কাজকে নারীদের দায়িত্ব হিসেবে দেখা হয়। এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করে তিনি বলেন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রান্নাবান্না কেবল মেয়েদের কাজ নয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিজের জীবন পরিচালনার জন্য এসব দক্ষতা থাকা প্রয়োজন।
একই অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পের পরিবর্তন ও প্রযুক্তির প্রভাব নিয়েও কথা বলেন এই তারকা। তিনি জানান, প্রযুক্তির অগ্রগতির ফলে এখন চলচ্চিত্র নির্মাণের সুযোগ অনেক বেশি উন্মুক্ত হয়েছে। আগে বিনোদন জগতে প্রবেশ করা কঠিন ছিল, কিন্তু বর্তমানে একটি ভালো ধারণা থাকলে যে কেউ তা ভিডিও আকারে তৈরি করে অনলাইনে প্রকাশ করতে পারেন। সেখান থেকেই বড় পরিসরের প্রকল্পের সুযোগ তৈরি হতে পারে।
প্রিয়াঙ্কা বলেন, বর্তমান সময়টি সৃজনশীল মানুষদের জন্য অন্যতম সম্ভাবনাময় সময়। নতুন নির্মাতা ও শিল্পীদের জন্য ডিজিটাল প্ল্যাটফর্মগুলো অসংখ্য সুযোগ তৈরি করেছে, যা আগে কল্পনাও করা যেত না।
এদিকে দীর্ঘ বিরতির পর ভারতীয় সিনেমায় বড় পরিসরে ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলির নতুন প্যান-ইন্ডিয়ান চলচ্চিত্র ‘বারাণসী’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে তাকে। ছবিটিতে আরও অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। প্রায় ১ হাজার কোটি রুপি বাজেটের এই মেগা প্রজেক্টটি ভারতের অন্যতম ব্যয়বহুল চলচ্চিত্র হিসেবে বিবেচিত হচ্ছে। ২০২৭ সালের এপ্রিলে সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে।