২০১৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর থেকে ভারতীয় চলচ্চিত্রে খুব একটা দেখা যায়নি প্রিয়াঙ্কা চোপড়াকে। হলিউডে ব্যস্ত সময় কাটানোর পর এবার তিনি ফিরছেন ভারতীয় মূলধারার বড় পর্দায়। তার এই প্রত্যাবর্তনের মাধ্যম হচ্ছে এস এস রাজামৌলির বহুল আলোচিত সিনেমা ‘বারানসি’।
ছবিটিতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করছেন মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন। দীর্ঘদিন পর ভারতীয় সিনেমায় ফিরলেও প্রকল্পটি নিয়ে দারুণ আশাবাদী অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা এমন কিছু করার চেষ্টা করছি, যা সত্যিই বড় ও উচ্চাভিলাষী। শুধু ভারতের জন্য নয়, সারা বিশ্বের দর্শকের জন্যই আমি এটি নিয়ে ভীষণ উচ্ছ্বসিত। ছবিটি বৈশ্বিক পরিসরে মুক্তি পাবে। তিন বছর ধরে আমরা কী নিয়ে কাজ করেছি, তা তখন সবাই জানতে পারবেন।’
ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘বারানসি’ ছবিতে অভিনয়ের জন্য প্রায় ৩০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন প্রিয়াঙ্কা।
ছবির শুটিংয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেছেন অভিনেত্রী। তার ভাষায়, ‘“বারানসি”র সেটের পরিবেশ অত্যন্ত ইতিবাচক। অনেক সময় শিল্পীদের পরিবারের সদস্যরাও সেটে উপস্থিত থাকেন। আমরা আনন্দ করছি, গল্প করছি, আবার কাজেও পুরো মনোযোগ দিচ্ছি। নিয়মিত মহড়া হচ্ছে এবং সবাই আন্তরিকতার সঙ্গে কাজ করছেন।’
এদিকে ভারতীয় সিনেমায় ফেরার পাশাপাশি নতুন এক আন্তর্জাতিক প্রকল্পের আভাসও দিয়েছেন প্রিয়াঙ্কা। তিনি জানিয়েছেন, খুব শিগগিরই হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে একটি কাজে যুক্ত হতে যাচ্ছেন। যদিও সেটি চলচ্চিত্র, বিজ্ঞাপন নাকি অন্য কোনো উদ্যোগ, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘হলিউডের বেশ কয়েকজন নারী শিল্পী আমাকে অনুপ্রাণিত করেন। তাঁদের মধ্যে অ্যাঞ্জেলিনা জোলি অন্যতম।’
ক্যারিয়ারের পরিবর্তন ও বর্তমান অবস্থান নিয়েও খোলামেলা ছিলেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘ক্যারিয়ারের শুরুতে আমার কথা ভেবে চিত্রনাট্য লেখা হতো না। এখন আমি নিজের প্রকল্প নিজেই বেছে নিতে পারি, এমনকি নিজেই তৈরি করতে পারি। এই সৃজনশীল স্বাধীনতাই সবচেয়ে বড় অর্জন।’
বর্তমানে ‘বারানসি’র পাশাপাশি খ্যাতিমান নির্মাতা মীরা নায়ারের বায়োপিকধর্মী প্রকল্প ‘আমরি’র সঙ্গেও যুক্ত রয়েছেন প্রিয়াঙ্কা। ফলে ভারতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে তার ব্যস্ততা আরও বাড়ছে বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকেরা।