কমেডি সিনেমা বানানো নাকি চরম ঘৃণার কাজ! ২০০০ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘হেরা ফেরি’ কীভাবে বলিউড নির্মাতা প্রিয়দর্শনের ক্যারিয়ার ও কাজের ধারায় বড় পরিবর্তন এনেছিল, সেই অজানা অধ্যায় এবার প্রকাশ্যে আনলেন তিনি নিজেই। সম্প্রতি তাঁর পরিচালিত নতুন থ্রিলার সিনেমা ‘হাইওয়ান’-এর প্রচারণায় এসে এক সাক্ষাৎকারে ক্ষোভ উগড়ে দেন এই প্রখ্যাত নির্মাতা।

প্রিয়দর্শন জানান, বলিউডে তাঁর সূচনা হয়েছিল ‘গার্দিশ’ কিংবা ‘বিরাসাত’-এর মতো গভীর ও স্পর্শকাতর সব ড্রামা ধারার সিনেমা দিয়ে। কিন্তু ‘হেরা ফেরি’র আকাশচুম্বী সাফল্যই মূলত তাঁর ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দেয় এবং চারপাশ থেকে শুধু কমেডি ছবি বানানোর চাপ তৈরি হতে থাকে। নিজের আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “ক্যারিয়ারের শুরুটা করেছিলাম সিরিয়াস ড্রামা দিয়ে। কিন্তু ‘হেরা ফেরি’ হিট হওয়ার পরেই জীবনটা কঠিন হয়ে পড়ে। সত্যি বলতে, কমেডি ছবির শুটিং করাটা আমি চরম ঘৃণা করি।”

তিনি আরও স্পষ্ট করেন যে, একজন নির্মাতাকে নির্দিষ্ট কোনো তকমায় আটকে ফেলা ঠিক নয়, কারণ দীর্ঘদিন একই ধারার কাজ করলে একঘেয়েমি চলে আসে। সেই একঘেয়েমি কাটানো ও নতুন কিছু করার তাগিদ থেকেই তিনি ‘হাইওয়ান’ নির্মাণ করেছেন। গত দুই দশকে প্রিয়দর্শন প্রায় ২০টি হিন্দি সিনেমা উপহার দিয়েছেন, যার ১৬টিই ছিল পুরোপুরি কমেডি। এছাড়া ‘ভুল ভুলাইয়া’ কিংবা ‘বিল্লু’র মতো জনপ্রিয় সিনেমাগুলোতেও ছিল হাসির উপাদানের ছড়াছড়ি। তবে এসবের মাঝেও নির্মাতার মন সব সময় টানে থ্রিলার ও সিরিয়াস গল্পের দিকে।