‘পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে’ দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন সংগীতশিল্পী ও অভিনেতা প্রীতম হাসান এবং অভিনেত্রী শাহতাজ মুনিরা হাসেম। চার বছরের সংসার শেষে বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।
রোববার রাতে নিজেদের ফেসবুক পেজে যৌথ বিবৃতির মাধ্যমে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান এই তারকা জুটি। তারা জানিয়েছেন, হুট করে নয়, বরং দীর্ঘ সময় ভেবেচিন্তে, নিজেদের মধ্যে আলোচনা এবং উভয় পরিবারের সমর্থন ও সম্মতি নিয়েই এই সিদ্ধান্তে পৌঁছেছেন।
যৌথ বিবৃতিতে প্রীতম ও শাহতাজ বলেন, দশ বছরের পথচলার পর তারা বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। একসঙ্গে কাটানো সময়, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তারা কৃতজ্ঞ। তবে সময়ের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার কিছু বড় পার্থক্য উপলব্ধি করায় আলাদা পথে এগিয়ে যাওয়াই দুজনের জন্য ভালো হবে বলে মনে করেছেন তারা।
জীবনের নতুন অধ্যায়ে প্রবেশের সময় নিজেদের ব্যক্তিগত পরিসর, গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান দেখানোর জন্য ভক্ত, বন্ধু, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।
প্রীতম ও শাহতাজের পরিচয় হয় ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে কাজ করার সময়। সেখান থেকেই তাদের পরিচয় ধীরে ধীরে প্রেমের সম্পর্কে রূপ নেয়। ২০২২ সালের ২৮ অক্টোবর শ্রীমঙ্গলের একটি হোটেলে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
প্রীতম হাসান সংগীতশিল্পীর পাশাপাশি অভিনয়েও পরিচিত মুখ। তিনি প্রয়াত সংগীতশিল্পী খালিদ হাসান মিলুর ছোট ছেলে। ‘লোকাল বাস’, ‘বেয়াইন সাব’, ‘খোকা’, ‘দুষ্টু কোকিল’ ও ‘চাঁদ মামা’র মতো জনপ্রিয় গানের পাশাপাশি নাটক ও ওটিটিতেও অভিনয় করেছেন তিনি। কোক স্টুডিও বাংলার বিভিন্ন গানেও দেখা গেছে তাঁকে।
অন্যদিকে, ধ্রুব গুহর ‘শুধু তোমার জন্য’ মিউজিক ভিডিওতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান শাহতাজ মুনিরা। পরে বিভিন্ন নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন তিনি।
দীর্ঘদিনের সম্পর্ক ও চার বছরের দাম্পত্যের পর আলাদা পথে হাঁটার সিদ্ধান্ত জানিয়েছেন দুজন। তবে নিজেদের সিদ্ধান্ত ও ব্যক্তিগত পরিসরের প্রতি সবার সম্মান প্রত্যাশা করেছেন প্রীতম ও শাহতাজ।