বাগ্দান ভাঙার ঘোষণা দেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই সম্পর্কে ফিরেছেন ভারতীয় ক্রিকেটার পৃথ্বী শ ও অভিনেত্রী-ইনফ্লুয়েন্সার আকৃতি আগরওয়াল। গত সেপ্টেম্বরে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তাঁরা। তবে নিজেদের মধ্যে খোলামেলা আলোচনার পর আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই যুগল।
১২ অক্টোবর ইনস্টাগ্রামে ‘আ পার্সোনাল ক্ল্যারিফিকেশন’ শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করেন আকৃতি। সেখানে তিনি জানান, কাছের কিছু মানুষের মতামতে প্রভাবিত হয়েই সম্পর্ক নিয়ে ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। আকৃতির সেই পোস্ট নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন পৃথ্বীও।
‘ভুল পথে পরিচালিত হয়েছিলাম’
বাগ্দান ভাঙার সিদ্ধান্তের পেছনে কাছের মানুষদের মতামতের প্রভাব ছিল বলে জানিয়েছেন আকৃতি। তাঁর ভাষ্য, কিছু মানুষ মনে করেছিলেন, তাঁরা এই যুগলের সম্পর্ক সম্পর্কে তাঁদের চেয়েও বেশি জানেন। তাঁদের কথায় প্রভাবিত হয়ে বাগ্দত্তা ও সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল তাঁর।
বিবৃতিতে আকৃতি লেখেন, “আমাদের বাগ্দান ভাঙার সময় আমি কাছের কিছু মানুষের মতামতকে প্রভাব বিস্তার করতে দিয়েছিলাম। তাঁদের মনে হয়েছিল, তাঁরা আমাদের সম্পর্ক সম্পর্কে আমাদের চেয়েও বেশি জানেন। তাঁদের কথায় আমার বাগ্দত্তা ও আমাদের সম্পর্ককে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমার মনে হয়, আমি ভুল পথে পরিচালিত হয়েছিলাম। আমাদের যে সৎ আলোচনাটা করা প্রয়োজন ছিল, তা না করেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম।”
নিজের সিদ্ধান্তের কারণে তৈরি হওয়া কষ্টের দায়ও স্বীকার করেছেন আকৃতি। তিনি জানান, পরে তাঁরা দুজন খোলামেলা আলোচনা করেছেন, একে অপরের কথা শুনেছেন এবং সম্পর্ককে নতুনভাবে বোঝার চেষ্টা করেছেন। এরপরই আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।
আকৃতি আরও লেখেন, “আমি ওই সিদ্ধান্তের এবং এর কারণে যে কষ্ট হয়েছে, তার দায় নিচ্ছি। এরপর আমরা খোলামেলা কথা বলেছি, একে অপরকে বুঝেছি এবং আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছি। আমরা একসঙ্গে থাকলে একে অপরের জন্য যথেষ্ট; আমাদের অন্য কারও প্রয়োজন নেই।”
বিবৃতির শেষে নিজেদের সম্পর্কের প্রতি বিশ্বাস ও ভালোবাসার কথা তুলে ধরেছেন আকৃতি। একই সঙ্গে তাঁদের ব্যক্তিগত পরিসরকে সম্মান জানাতে এবং সম্পর্ক নিয়ে অনুমাননির্ভর আলোচনা থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ করেছেন তিনি।
মার্চে বাগ্দান, সেপ্টেম্বরে বিচ্ছেদ
২০২৬ সালের ৮ মার্চ বাগ্দানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে সম্পর্কের কথা জানান পৃথ্বী শ। ছবিতে আকৃতির আঙুলে আংটি পরিয়ে দিতে দেখা যায় তাঁকে। অন্য একটি ছবিতে দুজনকে আংটি দেখাতেও দেখা যায়।
ছবির সঙ্গে পৃথ্বী লিখেছিলেন, মাঠে ছক্কা মারার পর এবার জীবনের দীর্ঘ ইনিংসের পালা। আকৃতিকে নিজের ‘পারফেক্ট ইনিংস’ হিসেবে উল্লেখ করেছিলেন তিনি।
তবে বাগ্দানের কয়েক মাসের মধ্যেই তাঁদের সম্পর্ক নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। ১৭ সেপ্টেম্বর আকৃতি ইনস্টাগ্রামে বাগ্দান ভেঙে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান।
সেই সময় তিনি বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে তাঁদের লক্ষ্য ও পরিস্থিতির মধ্যে পার্থক্য ছিল। একে অপরের প্রতি ভালোবাসা ও যত্ন থাকা সত্ত্বেও তাঁরা বুঝতে পেরেছিলেন, তাঁদের পথ হয়তো আলাদা। পারস্পরিক সম্মতি ও পরিস্থিতি বিবেচনায় নিয়েই বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানিয়েছিলেন আকৃতি।
তখন ব্যক্তিগত বিষয় নিয়ে অনুমান বা জল্পনা না ছড়ানোর অনুরোধও করেছিলেন তিনি। পৃথ্বিও বিচ্ছেদের কারণ নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কোনো বক্তব্য দেননি।
প্রতারণার গুঞ্জন ঘিরেও হয়েছিল আলোচনা
বাগ্দান ভাঙার ঘোষণার আগেও পৃথ্বী ও আকৃতির সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল। জুলাইয়ে আকৃতির একটি রহস্যময় পোস্টে প্রতারণার প্রসঙ্গ উঠে আসায় অনেকে সেটিকে পৃথ্বীর সঙ্গে তাঁর সম্পর্কের যোগসূত্র হিসেবে দেখেছিলেন। এ নিয়ে তাঁদের বাগ্দান ভেঙে যাওয়ার গুঞ্জনও ছড়ায়।
তবে সে সময় আকৃতি বিচ্ছেদের খবর নাকচ করে জানিয়েছিলেন, তাঁদের বাগ্দান ভাঙেনি। ওই পোস্টকে পৃথ্বীর সঙ্গে সম্পর্কের সরাসরি ইঙ্গিত হিসেবে দেখাও ঠিক নয় বলে স্পষ্ট করেছিলেন তিনি।
সেপ্টেম্বরে বিচ্ছেদের ঘোষণার পর পুরোনো পোস্টটি আবার আলোচনায় আসে। তবে ওই পোস্টের সঙ্গে তাঁদের সম্পর্ক ভাঙার সরাসরি কোনো যোগসূত্র রয়েছে বলে আকৃতি বা পৃথ্বী কেউই নিশ্চিত করেননি।
এবার সম্পর্ক জোড়া লাগানোর ঘোষণা দিয়ে আকৃতি জানিয়েছেন, কাছের মানুষদের মতামতে প্রভাবিত হয়ে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে তাঁদের সাম্প্রতিক বিবৃতিতে বিচ্ছেদের পেছনে কোনো নির্দিষ্ট ঘটনা বা ব্যক্তিকে দায়ী করা হয়নি।