ব্যক্তিগত জীবন নিয়ে বারবার ছড়িয়ে পড়া প্রেমের গুঞ্জন নিয়ে এবার নিজের অবস্থান স্পষ্ট করেছেন হলিউড অভিনেত্রী ডাকোটা জনসন। তার দাবি, কারও সঙ্গে প্রকাশ্যে ছবি তোলা কিংবা কোথাও একসঙ্গে দেখা গেলেই তাকে ঘিরে নতুন প্রেমের খবর তৈরি হয়ে যায়। তবে এসব গুঞ্জনের প্রতিটির ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন মনে করেন না তিনি।
সম্প্রতি ‘ভোগ’-এর ‘দ্য রান থ্রু’ পডকাস্টে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে গিয়ে ডাকোটা জানান, কখনো নিজের ম্যানেজার কিংবা আইনজীবীর সঙ্গে রাতের খাবারে গেলেও সেটিকে ‘রহস্যময় পুরুষের সঙ্গে দেখা গেছে’ ধরনের খবর হিসেবে প্রকাশ করা হয়। তার মতে, অনলাইনে ছড়িয়ে পড়া প্রতিটি গুঞ্জনকে সত্য বা মিথ্যা প্রমাণ করতে গেলে বরং সেটি আরও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়।
অভিনেত্রী বলেন, ইন্টারনেটে প্রতিদিনই তাকে নিয়ে নানা ধরনের খবর ছড়ায়। এর মধ্যে কিছু সত্য হলেও অনেক খবরের কোনো ভিত্তি নেই। প্রতিটি খবরের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করার মতো সময় বা আগ্রহ তার নেই। তাই মানুষ যা বিশ্বাস করতে চায়, সেটিই বিশ্বাস করুক, এমন মনোভাব নিয়েই থাকতে চান তিনি।
ডাকোটা আরও জানান, ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত মানুষের আগ্রহের পরিবর্তে নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেই মনোযোগ দিতে চান। অনলাইনে তাকে নিয়ে গুঞ্জন ছড়ানো ব্যক্তিদের উদ্দেশে অভিনেত্রীর সরাসরি বার্তা, ‘নিজের জীবন নিয়ে ভাবুন।’
সম্প্রতি ডাকোটা জনসন ও র্যাপার মেশিন গান কেলি, অর্থাৎ এমজেকেকে ঘিরেও নতুন করে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে। টেলর সুইফট ও ট্রাভিস কেলির বিয়ের অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
এরপর ‘পিপল’-এর এক প্রতিবেদনে এক সূত্রের বরাতে দাবি করা হয়, ডাকোটা ও এমজিকে কয়েক মাস ধরে গোপনে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। তাদের আগে থেকেই পরিচয় ছিল এবং ওই অনুষ্ঠানের সময় তাদের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয় বলেও দাবি করেছে সূত্রটি।
প্রতিবেদনটির ওই সূত্রের দাবি, ডাকোটা ও এমজিকে প্রথমে বন্ধু হিসেবেই যোগাযোগ রাখতেন। পরে নিয়মিত বার্তা আদান-প্রদানের মাধ্যমে তাদের যোগাযোগ বজায় থাকে। সম্প্রতি তারা একসঙ্গে আরও বেশি সময় কাটাচ্ছেন বলেও দাবি করা হয়েছে।
তবে ডাকোটা জনসন নিজে এমজেকের সঙ্গে প্রেমের সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেননি। বরং তার সাম্প্রতিক মন্তব্য থেকে স্পষ্ট, ব্যক্তিগত জীবন নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জনের প্রতিক্রিয়া না দেওয়াই তার পছন্দ।
এর আগে ‘ফিফটি শেডস অব গ্রে’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে কোল্ডপ্লে তারকা ক্রিস মার্টিনের দীর্ঘদিনের সম্পর্ক ছিল। তাদের সম্পর্ক নিয়েও বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে। বর্তমানে নিজের ব্যক্তিগত জীবনকে প্রকাশ্য আলোচনা থেকে দূরে রাখতেই বেশি আগ্রহী ডাকোটা।