বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার নামে ছড়িয়ে পড়া ডিপফেক ভিডিও, এআই-নির্ভর ভুয়া ছবি এবং মরফড কনটেন্ট অপসারণের নির্দেশ দিয়েছেন বোম্বে হাইকোর্ট। আদালত পর্যবেক্ষণে বলেছেন, কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার পরিচয়, ছবি বা চেহারা ব্যবহার করে ভুয়া কনটেন্ট তৈরি ও প্রচার করা মৌলিক অধিকারের লঙ্ঘনের শামিল।

সম্প্রতি বোম্বে হাইকোর্টে একটি আবেদন করেন প্রীতি জিনতা। আবেদনে তিনি অভিযোগ করেন, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে তার নামে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া ছবি, ভিডিও এবং বিকৃত কনটেন্ট ছড়িয়ে দেওয়া হয়েছে। এসব কনটেন্ট অপসারণের পাশাপাশি ভবিষ্যতে তার অনুমতি ছাড়া এমন কনটেন্ট ব্যবহার বন্ধের নির্দেশনাও চান তিনি।

মামলায় গুগল, মেটাসহ একাধিক প্রযুক্তি প্রতিষ্ঠান, অনলাইন প্ল্যাটফর্ম এবং কয়েকজন ব্যক্তির নাম উল্লেখ করা হয়। শুনানি শেষে বিচারপতি মাধব জামদারের বেঞ্চ অভিনেত্রীর পক্ষে রায় দেন এবং ইন্টারনেটে ছড়িয়ে থাকা ভুয়া ভিডিও, মরফড ছবি ও অননুমোদিত কনটেন্ট দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেন।

আদালত বলেন, কোনো ব্যক্তির পরিচয় ব্যবহার করে সম্মতি ছাড়া ডিপফেক বা ভুয়া কনটেন্ট তৈরি করা তার ব্যক্তিগত অধিকার, সুনাম এবং ব্যক্তিত্বের ওপর সরাসরি আঘাত হানে। একই সঙ্গে এ ধরনের অভিযোগ পাওয়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়ার দায়িত্বও অনলাইন প্ল্যাটফর্মগুলোর রয়েছে।

প্রীতি জিনতার আইনজীবী আদালতে জানান, প্রায় ২৭৫টি ওয়েবসাইটে অভিনেত্রীর নামে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও ও ছবি পাওয়া গেছে। এসব কনটেন্টে তার চেহারা ও পরিচয় অপব্যবহার করা হয়েছে, যা তার ভাবমূর্তি ক্ষুণ্ন করতে পারে।

রায়ে আদালত আরও উল্লেখ করেন, দুই দশকেরও বেশি সময় ধরে ভারতীয় চলচ্চিত্রে কাজ করে প্রীতি জিনতা নিজের একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। ফলে তার ছবি ও পরিচয়ের অননুমোদিত ব্যবহার ব্যক্তিত্বের অধিকার, প্রচারসংক্রান্ত অধিকার এবং নৈতিক অধিকারের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

আদালত পর্যবেক্ষণে আরও বলেন, বিষয়টি ভারতের সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে বর্ণিত মতপ্রকাশের স্বাধীনতা এবং ২১ নম্বর অনুচ্ছেদে নিশ্চিত ব্যক্তিস্বাধীনতা ও জীবনযাপনের অধিকারের সঙ্গেও সম্পর্কিত।

এদিকে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় ফিরতে যাচ্ছেন প্রীতি জিনতা। তার অভিনীত নতুন সিনেমা ‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তি পাবে আগামী ১৪ আগস্ট। ছবিতে তার সঙ্গে অভিনয় করেছেন সানি দেওল, শাবানা আজমি, আলি ফজলসহ আরও অনেকে। সিনেমাটি প্রযোজনা করছেন বলিউড তারকা আমির খান।