‘রঙিন নবাব সিরাজউদ্দৌলা’ চলচ্চিত্রের নাম ভূমিকায় অসাধারণ অভিনয় করে দর্শকদের হৃদয় জয় করে নেওয়া গুণী অভিনেতা প্রবীর মিত্রের আজ জন্মদিন। ১৯৪১ সালের ১৮ আগস্ট চাঁদপুরে জন্ম নেওয়া এই বর্ষীয়ান তারকা জীবন ও অভিনয়ের নানা চড়াই-উতরাই পেরিয়ে গত বছরের ৫ জানুয়ারি না-ফেরার দেশে পাড়ি জমান। তাঁর জন্মবার্ষিকী উপলক্ষে এক বিশেষ স্মারক প্রতিবেদনে উঠে এসেছে তাঁর বর্ণাঢ্য জীবনের নানা অধ্যায়।
পুরান ঢাকায় বেড়ে ওঠা প্রবীর মিত্র সেন্ট গ্রেগরি ও পোগজ স্কুল পেরিয়ে পড়াশোনা করেন জগন্নাথ কলেজে। তরুণ বয়সে খেলাধুলায় ছিলেন বেশ দূরন্ত; ঢাকা ফার্স্ট ডিভিশনে ক্রিকেট খেলার পাশাপাশি হকিতেও ছিল তাঁর অসাধারণ দক্ষতা। তবে খেলাধুলার গণ্ডি ছাড়িয়ে কৈশর থেকেই ঝোঁক তৈরি হয় সংস্কৃতির প্রতি। মুক্তিযুদ্ধের আগে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে তাঁর। মজার বিষয় হলো, একই সিনেমা দিয়ে ঢাকাই চলচ্চিত্রের আরেক জনপ্রিয় নায়ক ফারুকেরও চলচ্চিত্রে পথচলা শুরু হয়েছিল।
ক্যারিয়ারের শুরুতে নায়ক চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ালেও পরবর্তীতে তিনি ঢাকাই সিনেমার অন্যতম নির্ভরযোগ্য চরিত্রাভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। ‘তিতাস একটি নদীর নাম’, ‘জয় পরাজয়’, ‘চাষীর মেয়ে’, ‘দুই পয়সার আলতা’, ‘নয়নের আলো’, ‘বড় ভালো লোক ছিল’ ও ‘প্রিয়া আমার প্রিয়া’-সহ বহু ব্যবসাসফল সিনেমায় তাঁর অভিনয় দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেয়। ‘বড় ভালো লোক ছিল’ সিনেমার জন্য ১৯৮৩ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন এবং ২০১৯ সালে পান সম্মানজনক আজীবন সম্মাননা।