ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমনি মানেই নতুন লুকে চমক। এবার কালো পোশাকে ভিন্টেজ সাজে ধরা দিয়ে ভক্তদের নজর কেড়েছেন এই অভিনেত্রী। সোনালি-রুপালি কারুকাজ, নজরকাড়া গয়না আর রাজকীয় সাজে তার নতুন ছবিগুলো ঘিরে তৈরি হয়েছে আলোচনা।
সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন পরীমনি। ছবিতে তাকে দেখা গেছে আভিজাত্যপূর্ণ কালো পোশাকে। পোশাকের হাতা ও ব্লাউজে সোনালি-রুপালি এমব্রয়ডারির কাজ তার সাজে যোগ করেছে বাড়তি মাত্রা।
অভিনেত্রীর চুলে ছিল ক্লাসিক খোঁপা, তাতে মুক্তাখচিত হেয়ার পিন। গাঢ় মেরুন লিপস্টিক ও স্মোকি আই মেকআপে ফুটে উঠেছে পুরোনো দিনের গ্ল্যামার। কপালে মাংটিকা, গলায় পাথরের হার, কানে দুল ও হাতে সোনালি বালা সব মিলিয়ে ভিন্টেজ লুকে নজর কেড়েছেন তিনি।
ছবির পটভূমিতেও ছিল বিশেষ আয়োজন। প্রাচীন গ্রামোফোন আর উষ্ণ আলোর আবহে কখনো মিষ্টি হাসি, কখনো গভীর চাহনিতে ক্যামেরাবন্দি হয়েছেন পরীমনি। পুরো সাজে আভিজাত্য ও নান্দনিকতার মিশেল দেখা গেছে। তার পোশাক ও সাজের প্রশংসা করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের অনেক ব্যবহারকারী।
এদিকে, বর্তমানে চট্টগ্রামে রয়েছেন পরীমনি। কাজের ফাঁকে সন্তানদের নিয়ে সেখানকার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন তিনি। শনিবার সকালে সমুদ্রসৈকতের সামনে মেয়েকে নিয়ে একটি ছবি ফেসবুকে প্রকাশ করে ভক্তদের ‘গুড মর্নিং’ জানিয়েছেন এই অভিনেত্রী।