চিত্রনায়িকা পপিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি বক্তব্য নিয়ে তৈরি হয়েছে আলোচনা। ভাইরাল হওয়া এক পোস্টে দাবি করা হয়, পপি নাকি বলেছেন, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’ তবে এমন কোনো বক্তব্য তিনি কখনো দেননি বলে স্পষ্ট জানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।

এক গণমাধ্যমের সঙ্গে আলাপকালে পপি বলেন, তিনি কখনোই চলচ্চিত্রকে পাপের জায়গা হিসেবে দেখেননি। বরং তার কাছে চলচ্চিত্র জীবনের সবচেয়ে সম্মানজনক ও পবিত্র একটি জায়গা।

ক্ষোভ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘ফিল্ম আমার পেশা, আমার দ্বিতীয় পরিবার। এই ইন্ডাস্ট্রি থেকেই উপার্জন করেছি, পরিবার চালিয়েছি। আমি কেন ফিল্মকে পাপ বলব?’

পপির দাবি, পরিবারের প্রতি ক্ষোভ থেকে ব্যক্তিগত একটি প্রসঙ্গে বলা কিছু কথাকে বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমি বলেছিলাম জীবনে কিছু অমানুষকে লালন করেছি, নিজের জন্য না ভেবে পরিবারের জন্য নিজেকে উজাড় করে দিয়েছি। সেই অর্থে কথাটি বলেছিলাম। কিন্তু সেটিকে সম্পূর্ণ ভিন্নভাবে ছড়িয়ে আমাকে অপমান করা হয়েছে।’

প্রায় তিন দশকের অভিনয়জীবনের কথা উল্লেখ করে পপি বলেন, একজন শিল্পী অনেক ত্যাগ ও শ্রমের মাধ্যমে তৈরি হন। তাই শিল্পীর দীর্ঘ ক্যারিয়ার ও অবদানের প্রতি সবার সম্মান দেখানো উচিত।

তিনি আরও বলেন, ‘ফিল্ম থেকে চলে গেলেই সম্মান চলে যাবে? আমি যতদিন বেঁচে থাকব, চলচ্চিত্রের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা অটুট থাকবে।’

দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন পপি। বর্তমানে স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে পারিবারিক জীবনেই বেশি সময় দিচ্ছেন বলে জানিয়েছেন তিনি। নিয়মিত নামাজ-রোজা পালন করছেন এই অভিনেত্রী।

অভিনয়ে ফেরার সম্ভাবনা আপাতত কম হলেও ভবিষ্যতে প্রযোজনায় যুক্ত হওয়ার আগ্রহ রয়েছে পপির। পাশাপাশি যাচাই না করে কোনো বিভ্রান্তিকর বক্তব্য বিশ্বাস বা প্রচার না করার আহ্বান জানিয়েছেন ভক্ত ও সহকর্মীদের প্রতি।

সবশেষে চলচ্চিত্রের মানুষের প্রতি নিজের ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়ে পপি বলেন, ‘মৃত্যুর আগ পর্যন্ত চলচ্চিত্রের মানুষদের নিয়ে আমার মুখ থেকে একটি বাজে শব্দও বের হবে না।’