‘ট্রান্সফরমার্স’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের হৃদয় ভেঙে বিদায় নিলেন প্রখ্যাত ভয়েস আর্টিস্ট পিটার কুলেন। আইকনিক চরিত্র ‘অপ্টমাস প্রাইম’-এর গাম্ভীর্যপূর্ণ ও কালজয়ী কণ্ঠস্বর দিয়ে বিশ্বজুড়ে কয়েক প্রজন্মকে মুগ্ধ করা এই কিংবদন্তি ৮৫ বছর বয়সে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাঁর প্রয়াণে হলিউড জুড়ে এবং বিশ্বজুড়ে এনিমেশনপ্রেমীদের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

১৯৮৪ সালে প্রথম ‘ট্রান্সফরমার্স’ অ্যানিমেটেড সিরিজে অপ্টমাস প্রাইম চরিত্রের ভয়েস দেওয়া শুরু করেন পিটার কুলেন। পরবর্তীতে ২০০৭ সালে মাইকেল বে পরিচালিত লাইভ-অ্যাকশন ব্লকব্লাস্টার মুভি ফ্র্যাঞ্চাইজিতেও অটবট নেতা হিসেবে তিনি নিজের কণ্ঠের জাদু ধরে রাখেন। কুলেনের কন্ঠের গভীরতা ও ধৈর্যশীল বার্তা অপ্টমাস প্রাইমকে নিছক এক রোবট বা ভিনগ্রহের শক্তিশালী জীব থেকে মানবিক সত্তায় রূপ দিয়েছিল। তাঁর অন্যতম সেরা সংলাপ “I have witnessed their capacity for courage, and though we are worlds apart, like us, there's more to them than meets the eye” হলিউডের সায়েন্স ফিকশন ইতিহাসের অন্যতম সেরা ডায়ালগ হিসেবে স্বীকৃত।

কেবল ট্রান্সফরমার্সই নয়, উইনি দ্য পু ফ্র্যাঞ্চাইজির বিষাদগ্রস্ত চরিত্র ‘ইওর’ (Eeyore), ‘নাইট রাইডার’-এর কেএআরআর (KARR), এমনকি ‘প্রেডেটর’ সিনেমার সেই আইকনিক বিকট শব্দগুলোও তৈরি হয়েছিল তাঁর অনন্য কণ্ঠে। তাঁর পরিবার এক বিবৃতিতে ভক্তদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, “বীরত্ব মানে চিৎকার বা আস্ফালন নয়, শক্তিমত্তার আসল সৌন্দর্য সহানুভূতিতে পিটারের এই দর্শন মনে রেখে মানুষকে ভালোবাসাই হবে তাঁর প্রতি শ্রেষ্ঠ সম্মান।”