মা হওয়ার পর আবারও শুটিং সেটে ফিরেছেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। নতুন কাজের অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে নিজের অভিনয়জীবনের এক কঠিন ও আবেগঘন অধ্যায়ের কথা জানিয়েছেন তিনি। ওটিটি সিরিজের শুটিংয়ের সময় যে চরিত্রে অভিনয় করেছিলেন, মাতৃত্বের অভিজ্ঞতা পাওয়ার পর সেই চরিত্রটির যন্ত্রণা আরও গভীরভাবে উপলব্ধি করছেন অভিনেত্রী।
নতুন সিরিজে পরিণীতিকে দেখা যাবে একজন অসহায় মায়ের চরিত্রে। গল্পে হাসপাতাল থেকে জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায় তাঁর সদ্যোজাত কন্যা। এরপর সন্তানকে ফিরে পেতে বছরের পর বছর মায়ের লড়াই, অপেক্ষা ও মানসিক যন্ত্রণার গল্প উঠে এসেছে সিরিজটিতে।
পরিণীতি জানিয়েছেন, ২০২৫ সালে যখন তিনি অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানতে পারেন, তখনও সিরিজটির শুটিং চলছিল। তবে তাঁর সন্তান জন্ম নেওয়ার আগেই দৃশ্যধারণের কাজ শেষ হয়ে যাওয়াকে এখন আশীর্বাদ হিসেবেই দেখছেন তিনি।
অভিনেত্রীর ভাষ্য, সন্তান জন্ম দেওয়ার পর যদি তাঁকে এই চরিত্রের দৃশ্যগুলোতে অভিনয় করতে হতো, তাহলে তা মানসিকভাবে অত্যন্ত কঠিন হয়ে উঠত। কারণ নিজের সন্তানের মুখ দেখার পর একটি মায়ের সন্তান হারানোর যন্ত্রণা কল্পনা করাও তাঁর কাছে আগের চেয়ে অনেক বেশি কঠিন ও বাস্তব মনে হয়।
পরিণীতি বলেন, চরিত্রটির মানসিক যন্ত্রণা নিয়ে ভাবলে এখনো তিনি শিউরে ওঠেন। সন্তান জন্মের পর নিজের জীবনের অভিজ্ঞতার সঙ্গে পর্দার চরিত্রটির আবেগের পার্থক্যও যেন তাঁর কাছে আরও স্পষ্ট হয়েছে। একটি মাকে নিজের সন্তান হারানোর পর যে পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়, সেটি এখন তিনি আগের চেয়ে ভিন্নভাবে অনুভব করেন।
মাতৃত্ব তাঁর অভিনয়ের দৃষ্টিভঙ্গিতেও পরিবর্তন এনেছে বলে জানিয়েছেন পরিণীতি। তাঁর কাছে অভিনয় এখন শুধু স্ক্রিপ্টে লেখা কোনো চরিত্রকে পর্দায় তুলে ধরা নয়। বাস্তব জীবনের অভিজ্ঞতা, আবেগ ও অনুভূতিও এখন তাঁর অভিনয়ের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হয়ে যাচ্ছে।
পরিণীতির নতুন এই কাজের গল্পে একজন মায়ের সন্তান হারানো এবং তাকে ফিরে পাওয়ার দীর্ঘ সংগ্রামকে কেন্দ্র করে আবেগঘন পরিস্থিতি তৈরি করা হয়েছে। আর বাস্তব জীবনে মা হওয়ার পর সেই চরিত্রের আবেগকে নতুনভাবে উপলব্ধি করছেন অভিনেত্রী। তাঁর মতে, মাতৃত্বের অভিজ্ঞতা তাঁর জীবনের পাশাপাশি অভিনয়ের ক্ষেত্রেও একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।