হলিউড ও বিশ্ব বিনোদন জগতের প্রভাবশালী ব্যক্তিত্বদের জীবন পর্দায় তুলে ধরে আন্তর্জাতিক খ্যাতি কুড়িয়েছেন অস্কারজয়ী প্রামাণ্যচিত্র নির্মাতা কেভিন ম্যাকডোনাল্ড। এবার বলিউড বাদশাহ শাহরুখ খানকে নিয়ে প্রামাণ্যচিত্র (ডকুমেন্টারি) নির্মাণের তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এই ইচ্ছার কথা নিজেই জানিয়েছেন প্রখ্যাত এই পরিচালক। 

সাক্ষাৎকারে কেভিন ম্যাকডোনাল্ড জানান, এর আগে প্রামাণ্যচিত্র নিয়ে শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রাথমিক আলোচনা হয়েছিল। কিন্তু সে সময় উপযুক্ত সময় না হওয়ায় বিষয়টি আর সামনে এগোয়নি। তবে বিশ্বব্যাপী এই বলিউড মহাতারকার অসামান্য জনপ্রিয়তা এবং তাঁর পেছনের রহস্য নিয়ে তিনি এখনো দারুণ আগ্রহী। রসিকতার সুরে তিনি বলেন, হয়তো ভবিষ্যতে শাহরুখ নিজেই বিষয়টি নিয়ে পুনরায় আলোচনা করতে তাঁর সঙ্গে যোগাযোগ করবেন। শাহরুখের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়েও কাজ করার সুপ্ত ইচ্ছার কথা জানান কেভিন।

প্রখ্যাত এই নির্মাতার ঝুলিতে বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের নিয়ে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলার শেষ দুই মৌসুমের গল্প নিয়ে সম্প্রতি তিনি নির্মাণ করেছেন চার পর্বের প্রামাণ্যচিত্র সিরিজ ‘এ বিউটিফুল অবসেসন’। বর্তমানে প্রামাণ্যচিত্রের পাশাপাশি আবারও বাণিজ্যিকভাবে সিনেমা নির্মাণে ফিরছেন তিনি। হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটকে নিয়ে তাঁর পরবর্তী সিনেমা ‘দ্য রানার’-এর কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে।