অভিনেত্রী অপি করিম এর জন্মদিন আজ, ১ মে। তবে জীবনের এই বিশেষ দিনটি এখন আর আগের মতো আনন্দ নিয়ে আসে না তার কাছে। বরং জন্মদিন মানেই এখন প্রিয়জনদের স্মরণ, প্রার্থনা আর একরাশ শূন্যতা।
অপি করিম জানান, এটি তার বাবাকে ছাড়া কাটানো পঞ্চম জন্মদিন। শুধু বাবাই নন, স্বামীর পরিবারেরও কয়েকজন অভিভাবককে হারিয়েছেন তিনি। ফলে জন্মদিন এলেই আনন্দের চেয়ে স্মৃতিই বেশি ভিড় করে মনে।
জন্মদিনের সকাল শুরু হয়েছে বাবার কবর জিয়ারতের মাধ্যমে। সেখানে দাঁড়িয়ে বাবার জন্য দোয়া করেছেন তিনি। সারা বছর নিজেকে শক্ত রাখার চেষ্টা করলেও এদিন আর আবেগ ধরে রাখতে পারেননি।
অপি বলেন, "বাবা মারা যাওয়ার পর থেকে আমি কাঁদি না। কারণ, বাবা আমাদের কান্না দেখতে একদমই পছন্দ করতেন না। কিন্তু আজ বাবার কবরের সামনে গিয়ে নিজেকে সামলাতে পারিনি।"
এখন জন্মদিনে নিজের জন্য আলাদা কোনো চাওয়া নেই তার। পরিবারের অসুস্থ সদস্যদের সুস্থতা, প্রিয়জনদের ভালো থাকা এবং আগামী প্রজন্মের জন্য একটি শান্তিময় ভবিষ্যৎ এটাই তার সবচেয়ে বড় প্রার্থনা।
উল্লেখ্য, অপি করিম শিশুশিল্পী হিসেবে অভিনয়জীবন শুরু করেন। মঞ্চনাটকেও তিনি সমানভাবে প্রশংসিত। ১৯৯৯ সালে তিনি লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় সেরার মুকুট অর্জন করেন।