প্রায় দুই দশক ধরে অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা কুড়াচ্ছেন অভিনেত্রী ও মডেল নুসরাত ইমরোজ তিশা। সাবলীল অভিনয়ের পাশাপাশি রূপ ও ফ্যাশনেও বরাবরই প্রশংসিত এই অভিনেত্রী। তবে মডেলিংয়ের চেয়ে অভিনয়কেই বেশি গুরুত্ব দিয়েছেন তিনি। সাধারণ ও ট্র্যাডিশনাল পোশাকেই স্বাচ্ছন্দ্যবোধ করেন তিশা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। সেখানে লাল শাড়ি, কাচের চুড়ি ও অলংকারে ধরা দিয়েছেন চিরচেনা ট্র্যাডিশনাল লুকে। কখনো মিষ্টি হাসিতে ক্যামেরার দিকে তাকিয়েছেন, আবার কখনো মুখ আড়াল করে লাজুক ভঙ্গিতে পোজ দিয়েছেন। তার এই সাজ ও পোজে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরা।

ছবিগুলোর সঙ্গে বিশেষ এক বার্তাও দিয়েছেন তিশা। ক্যাপশনে লিখেছেন, ‘কোয়ায়েটলি বিকামিং!’ অর্থাৎ নীরবে নিজেকে বদলে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী। তার এই রহস্যময় ক্যাপশন ঘিরেও তৈরি হয়েছে কৌতূহল।

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় নাটক ও চলচ্চিত্র উপহার দিয়েছেন তিশা। বর্তমানে অভিনয়ে আগের তুলনায় কিছুটা কম দেখা গেলেও পরিবার, কাজ ও জীবনের নানা মুহূর্ত সামাজিক মাধ্যমে নিয়মিত ভাগ করে নেন এই অভিনেত্রী।