সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রিয় একটি লুকের গল্প শেয়ার করেছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। সম্প্রতি ফেসবুকে কয়েকটি ছবি প্রকাশ করে তিনি জানান, একটি মিউজিক ভিডিওর জন্য তৈরি করা এই বিশেষ লুকটি দর্শকদের সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। একই সঙ্গে এটিই তার ব্যক্তিগতভাবে সবচেয়ে প্রিয় লুক।
ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে ফারিয়া জানান, পোশাকটির সবচেয়ে বিশেষ দিক হলো এর ডিজাইনার তার মা। তিনি লেখেন, “আমি শুধু একটি আইডিয়া দিয়েছিলাম, আর মা সেটিকে এমন এক রঙিন স্বপ্নে রূপ দিয়েছেন, যা দেখে আমিও মুগ্ধ।”
ফারিয়ার ভাষ্য, মিউজিক ভিডিওতে একাধিক লুক থাকলেও এই লুকটিই সবচেয়ে বেশি দর্শকের মন জয় করেছে। সবুজ ও গোলাপি রঙের সমন্বয়ে তৈরি পোশাকটি একটি ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি থেকে তৈরি করা হয়েছে। অভিনেত্রীর মতে, পোশাকটিতে ছিল উৎসবের আমেজ, প্রাণচাঞ্চল্য এবং আলাদা এক আকর্ষণ।
এই লুকের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বিশেষভাবে তৈরি গয়না। অল্প সময়ের মধ্যে পুরো টিম যেভাবে লুকটি সম্পন্ন করেছে, তা এখনও তাকে বিস্মিত করে। গয়নার জন্য তিনি ‘সিক্স ইয়ার্ড স্টোরি বাই লোরা খান’ এর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
ছবিগুলো প্রকাশের পর ভক্তদের কাছ থেকে ব্যাপক ইতিবাচক সাড়া পাওয়া যায়। অনেকেই পোশাকের নকশা, রঙের ব্যবহার এবং ফারিয়ার উপস্থাপনার প্রশংসা করেছেন।
উল্লেখ্য, গত মাসের শেষ দিকে প্রকাশিত ‘লোকে বলে’ শিরোনামের গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে হাজির হন নুসরাত ফারিয়া। গানটি গেয়েছেন তিনি নিজেই। এর কথা লিখেছেন তাহজীব এম বাঁধন, সুর ও সংগীতায়োজন করেছেন ফুয়াদ আল মুক্তাদির এবং ভিডিওটি নির্মাণ করেছেন বাবা যাদব।