নব্বইয়ের দশকে টম ক্রুজকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার সময় নিকোল কিডম্যানকে অনেকেই সাবধান করেছিলেন, এত বড় তারকার পাশে থেকে নিজের অভিনয়জীবন হারিয়ে ফেলতে পারেন তিনি। কিন্তু তখন প্রেমে মগ্ন কিডম্যান সেই সতর্কতা কানে তোলেননি। সম্প্রতি ভোগ ম্যাগাজিনের ব্রিটিশ সংস্করণের সেপ্টেম্বর সংখ্যায় দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অতীত সম্পর্ক ও বিয়ে নিয়ে অকপটে কথা বলেছেন ৫৯ বছর বয়সী এই অস্কারজয়ী অস্ট্রেলিয়ান তারকা।
১৯৯০ সালে ‘ডেজ অব থান্ডার’ সিনেমার শুটিং সেটে টম ক্রুজের সঙ্গে কিডম্যানের প্রথম দেখা ও এরপর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একই বছর বড়দিনের ঠিক আগে তাঁরা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। এক দশকের সেই দাম্পত্যজীবন নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কিডম্যান জানান, মাত্র বাইশ-তেইশ বছর বয়সে হঠাৎ করেই তিনি নিজেকে এক বিশ্বখ্যাত তারকার স্ত্রী হিসেবে আবিষ্কার করেন, যদিও সে সময় বিষয়টা তাঁর কাছে খুবই স্বাভাবিক মনে হয়েছিল, কারণ তাঁরা দুজন একে অপরের প্রেমে গভীরভাবে জড়িয়ে পড়েছিলেন। ক্যারিয়ারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে অনেকে আশঙ্কা প্রকাশ করলেও কিডম্যান তখন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন যে তিনি এসব নিয়ে ভাবিত নন, বরং যাকে ভালোবাসেন তাকেই বিয়ে করতে চান তিনি।
বিয়ের পর গণমাধ্যমে যখন তাঁর একমাত্র পরিচয় হয়ে ওঠে ‘টম ক্রুজের স্ত্রী’, তখন কাছের বন্ধুরা আগের সতর্কবার্তার কথা আবার মনে করিয়ে দিতেন। এ প্রসঙ্গে কিডম্যান বলেন, বন্ধুরা তখন বলত যে তাঁরা আগেই এমনটা হবে বলে জানিয়েছিলেন। তবে কিডম্যানের মনোভাব ছিল দৃঢ়। তিনি যাকে ভালোবাসেন, তাকে বিয়ে না করার কোনো কারণ তিনি দেখতেন না, এমনকি প্রয়োজনে ক্যারিয়ারের বিসর্জন দিতেও তিনি প্রস্তুত ছিলেন।
২০০১ সালে ক্রুজ-কিডম্যান দম্পতির বিচ্ছেদ হয়। এরপর সেই বিচ্ছেদের ধকল কাটিয়ে ২০০৩ সালে ‘দ্য আওয়ার্স’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর অস্কার জেতেন কিডম্যান। এরপর ২০০৬ সালে তিনি সংগীতশিল্পী কিথ আরবানকে বিয়ে করেন। প্রায় ১৯ বছরের দাম্পত্যজীবনের পর গত সেপ্টেম্বরে এই দম্পতিও বিচ্ছেদের আবেদন করেন।
দ্বিতীয় দফায় বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে কিডম্যান খোলাখুলি বলেন, জীবনের এই অপ্রত্যাশিত মোড় তাঁকে গভীর অনিশ্চয়তা ও ভয়ের মধ্যে ফেলে দিয়েছিল। তিনি জানান, জীবনের এই পর্যায়ে এসে কিছুদিনের জন্য নিজেকে খুবই ভীত ও দুর্বল মনে হয়েছিল তাঁর, তবে তিনি বুঝতে পেরেছিলেন যে নিজেকে গুটিয়ে না রেখে আশা নিয়েই সামনে এগিয়ে যাওয়া দরকার।