সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেইজড’ হিসেবে হালনাগাদ করার পর থেকেই অভিনেত্রী নাজনীন নীহার ব্যক্তিজীবন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে তার হবু জীবনসঙ্গীর পরিচয় নিয়ে ভক্তদের কৌতূহলের শেষ নেই। এরই মধ্যে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে, নীহার প্রেমিক পাকিস্তানের নাগরিক।

সোমবার (২৯ জুন) ফেসবুকে নিজের রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করে ‘এনগেইজড’ করেন নাজনীন নীহা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা-কল্পনা। কয়েক মাস আগে বিয়ের গুঞ্জন উড়িয়ে দেওয়ার পর এবার সম্পর্কের বিষয়টি নিজেই প্রকাশ করায় আলোচনার মাত্রা আরও বেড়েছে।

বিভিন্ন গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, কয়েক মাস আগে দেশের বাইরে ভ্রমণের সময় ওই ব্যক্তির সঙ্গে নীহার পরিচয় হয়। পরে দুই পরিবারের সম্মতিতে তাদের সম্পর্ক বিয়ের সিদ্ধান্ত পর্যন্ত গড়িয়েছে বলেও খবর প্রকাশিত হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা সম্পর্কে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।

এ বিষয়ে নাজনীন নীহার কাছে জানতে চাওয়া হলে তিনি গুঞ্জনটি নিশ্চিত বা অস্বীকার কোনোটিই করেননি। প্রেমিক পাকিস্তানের নাগরিক কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখন আমার পক্ষ থেকে পরিষ্কার করে বলার জন্য আপাতত এতটুকুই, আমি এখন এনগেইজড।’

হবু জীবনসঙ্গীর পরিচয় এখনই প্রকাশ করতে রাজি নন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি এনগেইজড, এটা নিজেই জানিয়েছি। ঠিক একইভাবে উপযুক্ত সময়ে কার সঙ্গে এনগেইজড, সেই পরিচয়ও সবাই জানতে পারবেন।’

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আলহামদুলিল্লাহ’ ক্যাপশন দিয়ে একটি পোস্ট করেছিলেন নাজনীন নীহা। সেই পোস্ট ঘিরেও তার বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। পরে তিনি জানান, সেটি ব্যক্তিগত জীবনের কোনো ঘোষণা ছিল না। এবার সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনলেও হবু জীবনসঙ্গীর পরিচয় আপাতত গোপনই রাখছেন তিনি।