দক্ষিণী তারকা নানি এবং বলিউডের 'কিং' শাহরুখ খান দুজন ভিন্ন ইন্ডাস্ট্রির সেরা অভিনেতা হলেও তাঁদের মধ্যে অমিল নয়, বরঞ্চ মিলই বেশি! সম্প্রতি মুক্তি প্রতীক্ষিত ছবি 'দ্য প্যারাডাইস' এবং শাহরুখের 'কিং' সিনেমায় অভিনয় করা ড্যান্সার ও অভিনেতা রাঘব জুয়াল এক যৌথ সংবাদ সম্মেলনে দুই তারকার মধ্যকার চমৎকার এই সাদৃশ্য তুলে ধরেছেন। 

মুম্বাইয়ে আয়োজিত ‘দ্য প্যারাডাইস’ সিনেমার প্রচারণায় রাঘবকে প্রশ্ন করা হয় শাহরুখ খান এবং নানির সঙ্গে কাজ করে তিনি তাঁদের মধ্যে কী ধরনের মিল পেয়েছেন? রাঘব জবাব দেওয়ার আগেই নানি রসিকতা করে বলে ওঠেন, "বডি মেজারমেন্ট বা শরীরের মাপ!" যা শুনে পুরো সংবাদ সম্মেলনে হাসির রোল ওঠে। পরে অবশ্য বিষয়টি বুঝিয়ে নানি জানান, ২০১৪ সালে যশ রাজ ফিল্মসের একটি শুটে গিয়ে তিনি প্রথম জানতে পারেন তাঁর আর শাহরুখের বডি মেজারমেন্ট হুবহু এক। তবে হাসতে হাসতেই আক্ষেপ প্রকাশ করে নানি বলেন, "পরিমাপ এক হলেও পারিশ্রমিকটা কিন্তু শাহরুখ স্যারের মতো একই পাই না!"

এরপর রাঘব গম্ভীর হয়ে তাঁদের কাজের পরিবেশ ও ব্যক্তিত্বের মিলগুলো ব্যাখ্যা করেন। রাঘব জানান, সেটে সবার সঙ্গে সমান ও অত্যন্ত সম্মানজনক আচরণ করাই তাঁদের সবচেয়ে বড় মিল। কুশলী, টেকনিশিয়ান থেকে শুরু করে জুনিয়র শিল্পী শাহরুখ ও নানি দুজনই সবাইকে সমান গুরুত্ব দেন। পাশাপাশি সেটে তাঁদের ধীরস্থির মনোভাব, ধৈর্য ও শান্ত স্বভাব যেকোনো সহশিল্পীকে কাজ করতে উদ্বুদ্ধ করে।

শ্রীকান্ত ওদেলা পরিচালিত 'দ্য প্যারাডাইস' সিনেমায় নানির সঙ্গে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন রাঘব জুয়াল। অন্যদিকে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত বহুল প্রতীক্ষিত 'কিং' সিনেমাতেও দেখা মিলবে এই তরুণের, যেখানে তিনি স্ক্রিন শেয়ার করবেন খোদ শাহরুখ খানের সাথে।