দুই দশকেরও বেশি সময় ধরে সঞ্জয় দত্তের ‘মুন্না’ এবং আরশাদ ওয়ার্সির ‘সার্কিট’ হিন্দি সিনেমার অন্যতম জনপ্রিয় জুটি। ২০০৬ সালে ‘লাগে রহো মুন্নাভাই’ মুক্তির পর থেকেই ভক্তদের একটাই প্রশ্ন, কবে আসবে ‘মুন্নাভাই ৩’? বহু গুঞ্জনের পর এবার সিনেমাটির বর্তমান অবস্থা নিয়ে মুখ খুলেছেন পরিচালক রাজকুমার হিরানি ও অভিনেতা আরশাদ ওয়ার্সি।
হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে রাজকুমার হিরানি জানান, ‘মুন্নাভাই ৩’ বন্ধ হয়ে যায়নি। বরং সিনেমাটির জন্য একাধিক চিত্রনাট্য লেখা হয়েছে। তবে গল্পের শেষ অংশটি প্রত্যাশামতো না হওয়ায় এখনো শুটিং শুরু করা সম্ভব হয়নি।
হিরানি বলেন, ‘আপনারা যদি শুধু ইন্টারভ্যাল পর্যন্ত “মুন্নাভাই” দেখতে চান, তাহলে আমি এখনই পাঁচটি সিনেমা বানিয়ে ফেলতে পারি। কারণ সমস্যা ইন্টারভ্যালের পরের অংশে। শেষটা এমন হতে হবে, যা আগের দুটি সিনেমার মান ধরে রাখতে পারে।’
তার ভাষায়, শুধুমাত্র ব্যবসায়িক সাফল্যের কথা ভেবে তিনি এই ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নির্মাণ করতে চান না। ‘আমরা দুটি অসাধারণ সিনেমা বানিয়েছি। শুধু অর্থের কথা ভাবলে এত দিনে আরও চার-পাঁচটি সিক্যুয়েল হয়ে যেত। কিন্তু নতুন সিনেমাটিও অন্তত আগের দুটির সমমানের হতে হবে,’ বলেন তিনি।
অনেকের ধারণা ছিল, ‘মুন্নাভাই ৩’-এর কোনো চিত্রনাট্যই তৈরি হয়নি। তবে সেই ধারণা উড়িয়ে দিয়েছেন আরশাদ ওয়ার্সি। তার দাবি, সিনেমাটির তিনটি প্রায় সম্পূর্ণ চিত্রনাট্য রয়েছে।
আরশাদ বলেন, ‘তিনটি স্ক্রিপ্টই অসাধারণ। প্রতিটি গল্পেই এমন অনেক মুহূর্ত আছে, যা সঙ্গে সঙ্গে মন কাড়ে। কিন্তু প্রতিটিতেই একটি ছোট, অথচ খুব গুরুত্বপূর্ণ অংশের ঘাটতি রয়েছে। যেন জিগস পাজলের শেষ টুকরাটি এখনো খুঁজে পাওয়া যায়নি। সেটা মিললেই আমরা কাজ শুরু করতে পারব।’
সাক্ষাৎকারে ‘মুন্নাভাই’ সিরিজের জনপ্রিয় সংলাপ নিয়েও কথা বলেন রাজকুমার হিরানি। তিনি জানান, ‘জাদু কি ঝাপ্পি’ কিংবা ‘গান্ধীগিরি’ যে একসময় জনপ্রিয় সংস্কৃতির অংশ হয়ে উঠবে, তা তারা আগে থেকে ভাবেননি। তার মতে, এমন বিষয় পরিকল্পনা করে তৈরি করা যায় না; স্বাভাবিকভাবেই দর্শকের ভালোবাসা থেকে এগুলো জন্ম নেয়।
এদিকে শুটিংয়ের স্মৃতিচারণ করতে গিয়ে মজার একটি তথ্য জানান আরশাদ ওয়ার্সি। তিনি বলেন, ‘আমি শুটিং শেষ হওয়ার পর নিজের অভিনয়ই ভুলে যাই। “লাগে রহো মুন্নাভাই” করার সময় প্রথম সিনেমায় সার্কিট চরিত্রে কীভাবে অভিনয় করেছিলাম, সেটাই মনে ছিল না। পরে রাজু আমাকে আগের সিনেমার ভিডিও দেখিয়ে বলেছিলেন, “দেখো, তুমি এভাবেই অভিনয় করেছিলে।” এরপর আমাকে নিজের অভিনয়ই নকল করতে হয়েছে।’
সবশেষে রাজকুমার হিরানি আশার কথাই শোনান। তিনি জানান, তিনি, চিত্রনাট্যকার অভিজাত যোশী, সঞ্জয় দত্ত এবং আরশাদ ওয়ার্সি নিয়মিত ‘মুন্নাভাই ৩’ নিয়ে আলোচনা করছেন। তার বিশ্বাস, গল্পের সেই শেষ টুকরাটি মিললেই বহু প্রতীক্ষিত এই সিনেমার কাজ শুরু হবে। ‘কোনো না কোনো সময় “মুন্নাভাই ৩” অবশ্যই হবে,’ বলেন নির্মাতা।