বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের ব্যক্তিজীবন নিয়ে আবারও শুরু হয়েছে জল্পনা। এবার ভারতীয় ক্রিকেটার যশস্বী জয়সওয়ালের সঙ্গে তাঁর নাম জড়িয়ে প্রেমের গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৩৪ বছর বয়সী অভিনেত্রীর সঙ্গে ২৪ বছর বয়সী ক্রিকেটারের সম্পর্ক রয়েছে, এমন দাবি করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজে ভিডিও ও পোস্ট ছড়িয়ে পড়ে। তবে এসব গুঞ্জনকে পাত্তা না দিয়ে এবার নিজেই বিষয়টির জবাব দিয়েছেন ম্রুণাল।

সম্প্রতি একটি ইনস্টাগ্রাম পেজে ম্রুণাল ও যশস্বীর একটি ভিডিও প্রকাশ করে তাঁদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা হয়। সেই পোস্টের মন্তব্যের ঘরে সরাসরি প্রতিক্রিয়া জানান অভিনেত্রী। দুজনকে একসঙ্গে কোথাও দেখা গেলেই তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে, এমনটা ধরে নেওয়ার সমালোচনা করেন তিনি। ম্রুণাল লেখেন, ‘ভাই, কিছুটা সহজভাবে নিন… দুজন একসঙ্গে কোথায়? কীভাবে আপনারা এত শিক্ষিত হয়ে এই গুজবকে সত্যি মনে করতে শুরু করেন?’

শুধু নিজেদের নিয়ে গুঞ্জন ছড়ানো নয়, সামাজিক যোগাযোগমাধ্যমে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার পরামর্শও দেন ম্রুণাল। আরেক মন্তব্যে তিনি লেখেন, ‘দেশের বড় সমস্যা দেখুন।’ পরে আরও একটি মন্তব্যে অভিনেত্রী বলেন, ‘দেশে কি কিছুই হচ্ছে না? জেন জি-র থেকে কিছু শিখুন এবং সঠিক বিষয়গুলোর ওপর ভিডিও বানান, তাহলে আরও ভিউ পাবেন।’

যশস্বীর সঙ্গে গুঞ্জনের আগে অভিনেতা ধানুশের সঙ্গেও ম্রুণালের নাম জড়িয়েছিল। এমনকি তাঁদের একটি ব্যক্তিগত অনুষ্ঠানে বিয়ে হয়ে গেছে বলেও সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছিল। তবে শুরু থেকেই সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন অভিনেত্রী। ম্রুণাল স্পষ্ট জানিয়েছিলেন, এমন কোনো ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না।

ধানুশ যখন ম্রুণাল অভিনীত ‘সন অব সরদার ২’ সিনেমার প্রিমিয়ারে উপস্থিত হয়েছিলেন, তখনও অভিনেত্রীকে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। সে সময় বিষয়টি নিয়ে ম্রুণাল জানিয়েছিলেন, ধানুশকে প্রিমিয়ারে ডেকেছিলেন অভিনেতা অজয় দেবগন। অর্থাৎ তাঁদের ব্যক্তিগত সম্পর্কের কারণে ধানুশ অনুষ্ঠানে উপস্থিত হননি বলেই ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

এদিকে পেশাগত জীবনে ব্যস্ত সময় পার করছেন ম্রুণাল ঠাকুর। সর্বশেষ তাঁকে দেখা গেছে ‘ইয়ে জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ সিনেমায়। এতে তাঁর সঙ্গে প্রধান চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান ও পূজা হেগড়ে। ব্যক্তিজীবন নিয়ে একের পর এক গুঞ্জনের মাঝেও কাজের দিকেই নিজের মনোযোগ ধরে রেখেছেন এই অভিনেত্রী।